৯৮৮ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন
মুন্সিগঞ্জ জেলায় ৩০০ ও ৪০০ মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসনে ২৮৩ কোটি ২৯ লাখ টাকার প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্পসহ ৯৮৮ কোটি টাকার মোট পাঁচটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো ৩৭৪ কোটি ৫১ লাখ টাকার পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে জেলা পরিষদের পুকুর, দিঘি, জলাশয়গুলো পুনঃখনন ও সংস্কার, ৭৬ কোটি ৬৩ লাখ টাকার রংপুর বিভাগীয় সদর দপ্তর নির্মাণ, ১০২ কোটি ৬৬ লাখ টাকার রূপগঞ্জ জলসিঁড়ি আবাসন সংযোগকারী সড়ক উন্নয়ন এবং ১৫০ কোটি ৭১ লাখ টাকার ঢাকা সেনানিবাস ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) জন্য আনুষঙ্গিক কাজসহ অফিসার্স মেস কমপ্লেক্স ও বাসস্থান নির্মাণ প্রকল্প।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। পরিকল্পনা কমিশন বিলুপ্ত হওয়ার প্রস্তাব সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘পরিকল্পনা কমিশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজের হাতে গড়া প্রতিষ্ঠান। এটিকে সমুন্নত রাখা এবং আরও সমুজ্জ্বল করা আমাদের দায়িত্ব।’ তিনি মনে করেন, পরিকল্পনা কমিশন বিলুপ্ত নয়; বরং এটি আরও কীভাবে শক্তিশালী করা হবে, সেটা বিবেচনায় রাখা উচিত।