চট্টগ্রামের সাতকানিয়া বায়তুল ইজ্জত রাইফেল প্রশিক্ষণ কেন্দ্রে বিদ্রোহের ঘটনায় বিডিআর জওয়ানদের বিরুদ্ধে আগামী ১৫ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে। ঢাকার পিলখানার ঘটনার জের ধরে গত ২৬ ফেব্রুয়ারি বায়তুল ইজ্জতেও বিডিআর জওয়ানেরা বিদ্রোহ করে।চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হাশেম প্রথম আলোকে বলেন, বায়তুল ইজ্জত রাইফেল প্রশিক্ষণ কেন্দ্রের ৯৯ জওয়ানকে গতকাল সোমবার আদালতে হাজির করা হলে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. আবদুল কুদ্দুস মিয়া অভিযোগ গঠনের দিন ধার্য করেন। বিচারক একই সময় ছয় জওয়ানের জামিনের আবেদন নামঞ্জুর করেন। সাতকানিয়ার বায়তুল ইজ্জতে তাণ্ডবের ঘটনায় জড়িত বিডিআর সদস্যদের বিরুদ্ধে গত বছরের ১৪ মে চট্টগ্রামের বিচারিক হাকিমের আদালতে মামলা করা হয়। মামলায় ১০০ জওয়ানের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে এক জওয়ান মারা গেছেন। আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট, অস্ত্রাগার ভেঙে অস্ত্র লুট ও গুলিবর্ষণের অভিযোগ আনা হয়।