৯৯ বছরের তুফানুর ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ৯৯ বছরের তুফানু বেগমের ভাগ্যে জোটেনি বয়স্ক বা বিধবা ভাতা। তুফানু উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া গ্রামের মৃত মফিজ উদ্দিন সরকারের স্ত্রী।
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তুফানু বেগমের জন্ম তারিখ ১৯১৭ সালের ১৫ নভেম্বর। সেই হিসাবে গতকাল রোববার পর্যন্ত তাঁর বয়স ৯৯ বছর ২ মাস ৮ দিন। সাত বছর আগে তাঁর স্বামী মফিজ উদ্দিন মারা গেছেন। তাঁর চার ছেলে ও পাঁচ মেয়ে। মেয়েদের বিয়ে দিয়েছেন অনেক আগেই। ছেলেদের তেমন জমিজমা নেই। বর্তমানে তুফানু তাঁর ছোট ছেলে দিনমজুর তছিমউদ্দিনের বাড়িতে থেকে জীবন যাপন করছেন।
তুফানুর পুত্রবধূ রাবেয়া খাতুন (তছিমউদ্দিনের স্ত্রী) প্রথম আলোকে বলেন, তাঁর শাশুড়ির দৃষ্টিশক্তি এখন ক্ষীণ হয়ে এসেছে। কানেও শোনেন খুব কম। সামান্য হাঁটাচলা করতে পারলেও ভারী কোনো কাজ করতে পারেন না। শরীরে বাসা বেঁধেছে বার্ধক্যজনিত নানা অসুখ। ওষুধ কেনার সামর্থ্যও নেই। শাশুড়ি তুফানু একাধিকবার বয়স্ক বা বিধবা ভাতার জন্য চেয়ারম্যান-মেম্বারদের কাছে লিখিতভাবে আবেদন করেছেন। কিন্তু আজ পর্যন্ত কোনো কার্ড পাননি। যেকোনো একটি ভাতা পেলে তিনি (তুফানু) উপকৃত হতেন।
এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় নলকুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আইয়ুব আলী প্রথম আলোকে বলেন, ‘চেয়ারম্যান হিসেবে আমি দায়িত্ব গ্রহণের পর বয়স্ক ও বিধবা ভাতার কোনো বরাদ্দ আসেনি। বরাদ্দ পেলে তুফানু বেগমকে একটি ভাতার কার্ড দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিব।’