গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, এখন দেশের ৯৯ ভাগ মানুষই অধিকার নিয়ে চিন্তিত। তারা আইনের শাসন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। তাঁর মতে, রাজনীতি অসুস্থ হয়ে পড়ার কারণেই এমনটা হয়েছে। গতকাল শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ছাত্রলীগের সাবেক সভাপতি মাযহারুল হক বাকী স্মরণে আয়োজিত এক সভায় কামাল হোসেন এ কথা বলেন। ড. কামাল বলেন, মাযহারুল হকসহ যাঁরা দেশের জন্য জীবনবাজি রেখেছিলেন, তাঁদের জন্য শোকসভা করেই দায়িত্ব শেষ হবে না। তাঁদের নীতি-আদর্শ বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ বলেন, আগে তৃণমূল রাজনীতি করে মন্ত্রী হতেন। এখন মন্ত্রী হয়ে দলীয় রাজনীতিতে সম্পৃক্ত হন। তৃণমূলে যাঁরা ত্যাগ স্বীকার করে রাজনীতি করেন, কেন্দ্রের সঙ্গে যোগাযোগ না রাখলে তাঁরা পদ পান না। ছাত্রলীগের বর্তমান রাজনীতি নিয়ে হতাশা ব্যক্ত করে তোফায়েল বলেন, ‘এখন নিজেরা নিজেদের খুন করছে, মারামারি করছে। অথচ একটা সময় ছিল, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ভবন চিনতামই না। এখন সব ছাত্রনেতার আনাগোনা ওই ভবনে। আজকের দিনের কাছে আমরা শিশু।’ তিনি বলেন, ছাত্রলীগের কার্যালয়ের ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা প্রয়াত আবদুর রাজ্জাকের কলার চেপে ধরেছিলেন। আজকের দিনে হলে উল্টো ৫০০ কর্মী নিয়ে ওই বাড়িওয়ালাকে ধরে নিয়ে আসা হতো।শিক্ষকদের দলবাজির সমালোচনা করে তোফায়েল বলেন, ‘শিক্ষকেরা এখন আওয়ামী লীগ ও বিএনপির বৈঠকের সামনের কাতারে বসে থাকেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য গ্রুপ ও উপাচার্যবিরোধী গ্রুপে বিভক্ত। এটা কী করে সম্ভব। এ জন্যই ছাত্রনেতারা শিক্ষকদের সম্মান করে না।’আওয়ামী লীগের আরেক জ্যেষ্ঠ নেতা আবদুল জলিল বলেন, মাযহারুল হকের ডাকে যাঁরা রাজনীতিতে এসেছিলেন, পরবর্তী সময়ে তাঁদের অনেকেই তারকা হয়েছেন। কিন্তু মাযহারুল হক নিজে রাজনীতিতে প্রতিষ্ঠা পাননি। কেন পাননি সেটাই বড় প্রশ্ন।সাবেক ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন খালেদ মোহাম্মদ আলী, শেখ শহীদুল ইসলাম, মাহমুদুর রহমান মান্না প্রমুখ।