৯৯৯-এ ফোন, ১০ শ্রমিক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি ইটভাটায় মজুরি না দিয়ে ১০ জন শ্রমিককে আটকে রাখার ঘটনা ঘটেছে। শ্রমিকদের স্বজনেরা ন্যাশনাল ইমারজেন্সি সার্ভিস ৯৯৯-এ ফোন করে অভিযোগ জানালে আজ বুধবার বিকেল চারটার দিকে তাঁদের উদ্ধার করে পুলিশ। তবে মালিকপক্ষের কাউকে আটক করা হয়নি।

উদ্ধার হওয়া শ্রমিকেরা হলেন আরিফুল ইসলাম, জয়নাল আবেদীন, বাচ্চু মিয়া, বদন আলী, আহমদ কবির, জালাল উদ্দিন, মো. কালু, আব্দুচ ছালাম, মো. আশেক ও হেলাল উদ্দিন। তাঁদের সবার বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে। তাঁরা গত মার্চ মাসের শেষ দিকে লোহাগাড়ার বড় হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকার নাছির উদ্দিনের মালিকানাধীন এ কে বি ইটভাটায় কাজ করতে যান।

শ্রমিকদের পরিবারের অভিযোগ, ২০ দিন আগে পেকুয়ার শফিকুর রহমান নামের এক দালালের মাধ্যমে নাছির উদ্দিনের ইটভাটায় কাজ করতে যান ১০ জন শ্রমিক। ৩০ মার্চ পারিশ্রমিক চাইলে হঠাৎ করে শ্রমিকদের কাছ থেকে মুঠোফোন কেড়ে নিয়ে বন্দী করা হয়। ৩১ মার্চ থেকে শ্রমিকদের পাহারা দিয়ে কাজ করানো হচ্ছিল। প্রতিদিন কাজ শেষে রাতে একটি কক্ষে সবাইকে ঘুমাতে দিয়ে বাইরে থেকে তালাবদ্ধ করে রাখা হতো।

জয়নাল আবেদীনের স্ত্রী সাজেদা বেগম বলেন, এক সাংবাদিকের সহযোগিতায় হেল্প লাইন ৯৯৯-এ ফোন দিয়ে ঘটনার বিস্তারিত বলার পর তাৎক্ষণিক লোহাগাড়া থানার পুলিশ তাঁর স্বামীসহ ১০ জনকে ইটভাটা থেকে উদ্ধার করে।

উদ্ধারের পর জয়নাল আবেদীন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ৩১ মার্চের পর থেকে স্বাভাবিক চলাফেরা করতে পারছিলেন না তাঁরা। গত মঙ্গলবার এক শ্রমিক ভাটার পাশের একটি দোকানে গেলে পালিয়ে যাওয়ার অভিযোগ তুলে তাঁকে মারধর করে মালিকের লোকজন।

তবে ইটভাটার ব্যবস্থাপক আবুল কাশেম বলেন, শ্রমিকদের এক মাসের বেতন নিয়ে গেছেন শফিকুর। কিন্তু শ্রমিকেরা ১৫ দিন কাজ করার পর আর কাজ করছিলেন না। তাই তাঁদের বিশেষ পাহারায় রেখে কাজ করানো হয়।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও শফিকুর রহমানের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

লোহাগাড়া থানার ওসি (তদন্ত) আবদুল জলিল বলেন, উপপরিদর্শক (এসআই) জাকির সিকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে ১০ শ্রমিককে উদ্ধার করে থানায় আনা হয়েছে। থানায় শ্রমিক-মালিকপক্ষকে মুখোমুখি করে প্রকৃত ঘটনা জানা হবে। এরপর আইনি ব্যবস্থা নেওয়া হবে।