মিয়ানমার সীমান্তে বিজিপির গুলিবর্ষণ নিয়ে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমা‌ন্তে মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) গতকাল বুধবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টহল দলকে লক্ষ্য করে গুলি ছুড়েছে। এ নিয়ে সীমান্তে কিছুটা উত্তেজনা দেখা দেয়৷ বিজিপি দাবি করেছে, এটি ভুলবশত ঘটেছে৷

ঘটনার পর থেকেই টহলে থাকা বিজিবির এক সদস্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না৷ বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে সীমা‌ন্তে সন্ত্রাসী গোষ্ঠীর আনাগোনা এবং আশ্রয় দেওয়া-নেওয়ার ব্যাপারে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পারস্পরিক সন্দেহ দেখা দিয়েছে। এসব সন্দেহ দূর করার লক্ষ্যে ৩ জুন মিয়ানমারের মংডুতে আবার উপমহাপরিচালক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

বিজিবির সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নে নতুন স্থাপিত পাইনছড়ি সীমান্ত চৌকির (বিওপি) বিজিবির একটি দল গতকাল সকাল আটটার দিকে টহলে বের হয়৷ টহলের একপর্যায়ে সীমান্তের ওপারে থাকা বিজিপির সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন৷ বিজিবির সদস্যরা তিনটি দলে বিচ্ছিন্ন হয়ে সেখান থেকে চৌকিতে ফিরে এলেও এক সুবেদার গতকাল রাত নয়টা পর্যন্তও আসেননি৷

বিজিপির পক্ষ থেকে দাবি করা হয়, মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) ধারণা করে তারা গুলিবর্ষণ করে৷ বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিকুর রহমান বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক।