'কুনিও হোশির খুনীই মাজারের খাদেম হত্যাকারী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় প্রধান সন্দেহভাজন মাসুদ রানা রানাকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির আঞ্চলিক কমান্ডার এই মাসুদ রানা মাজারের খাদেম রহমত আলী হত্যা এবং বাহাই সম্প্রদায়ের নেতা রুহুল আমিনকে হত্যাচেষ্টার ঘটনায়ও জড়িত বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হুমায়ুন কবীর তাঁর নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন।

হুমায়ুন কবীর বলেন, মাসুদ রানা রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের পশুয়া টাঙ্গাইলপাড়া গ্রামের আবদুল মালেকের ছেলে। তিনি জেলার কাউনিয়া-পীরগাছা উপজেলা জেএমবির আঞ্চলিক কমান্ডার। তিনি কুনিওকে হত্যার কথা স্বীকার করেছেন। রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলীকে কুপিয়ে হত্যা এবং রংপুর নগরের আরকে রোডে বাহাই সম্প্রদায়ের নেতা ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সহকারী (পিএ) রুহুল আমিনকে গুলি করে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত ছিলেন মাসুদ।

তবে মাসুদকে কবে ও কোথা থেকে আটক করা হয়েছে, এ বিষয়ে কোনো তথ্য দেননি ডিআইজি হুমায়ুন কবীর।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ডিআইজি বলেন, ইতিমধ্যে জাপানি নাগরিক হত্যা ঘটনার আলামত ও সাক্ষ্যপ্রমাণ তাঁরা পেয়েছেন। খুব শিগগির প্রকৃত ঘটনা জানাতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এই হত্যা মামলার সঙ্গে এর আগে গ্রেপ্তারকৃতদের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে একটি বিরাট সংঘবদ্ধ চক্র রয়েছে। সবকিছুই বেরিয়ে আসবে।

রংপুরের কাউনিয়া থানা সূত্র জানায়, মাসুদকে বেশ কয়েক দিন আগেই ধরা হয়েছে। কিন্তু বিষয়টি প্রকাশ করা হয়নি। ইতিমধ্যে তাঁকে কুনিও হত্যা মামলার প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল সোমবার মাসুদ কাউনিয়ার বিচারিক হাকিম শফিউল আলমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। স্বীকারোক্তির বিষয়টি সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল মালেক আজ নিশ্চিত করেছেন।

কুনিও হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বলেন, পীরগাছা উপজেলার আরও দুজন জেএমবি নেতা গোয়েন্দা নজরদারিতে আছেন।

গত ৩ অক্টোবর সকালে কাউনিয়ায় কাচু আলুটারি গ্রামে দুর্বৃত্তদের গুলিতে খুন হন জাপানি নাগরিক কুনিও হোশি। এ ঘটনায় এর আগে পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পাঁচজনই কারাগারে আছেন।

গত ৮ নভেম্বর সকাল সাড়ে আটটার দিকে রংপুরের আর কে রোডের কটকিপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তরা বাহাই সম্প্রদায়ের রংপুর কেন্দ্রের পরিচালক ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের ব্যক্তিগত সহকারী (পিএস) রুহুল আমিনকে গুলি করে। তিনি এখনো ঢাকায় চিকিৎসাধীন। এই ঘটনায় গ্রেপ্তার তিনজন কারাগারে আছেন।

এ ছাড়া গত ১০ নভেম্বর দিবাগত রাত ১১টার দিকে রংপুরের কাউনিয়ায় স্থানীয় একটি বাজার থেকে বাড়ি ফেরার পথে চৈতার মোড়ে দুর্বৃত্তরা মাজারের খাদেম রহমত আলীকে (৬০) চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।