চিকিৎসক মোহাম্মদ ইকবাল মাহমুদকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবার। অপহরণের ১১ দিন পরও তাঁকে উদ্ধার করা যায়নি। গতকাল সোমবার সকাল ১০টায় লক্ষ্মীপুর পৌরসভার হাসপাতাল রোড এলাকার চিকিৎসকের নিজের বাসায় সংবাদ সম্মেলনে তাঁর বাবা মুক্তিযোদ্ধা এ কে এম নুরুল আলম ছেলেকে ফিরে পেতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন।
নুরুল আলম বলেন, ১৪ অক্টোবর রাতে তাঁর ছেলে চিকিৎসক ইকবাল মাহমুদ বাসে করে ঢাকায় যান। সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বাস থেকে নামার পর সাদাপোশাকধারী লোকজন তাঁর ছেলেকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ১৬ অক্টোবর তিনি বাদী হয়ে ধানমন্ডি থানায় অপহরণের মামলা করেছেন। তিনি বলেন, দিনাজপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর ২৮তম বিসিএসে উত্তীর্ণ হয়ে তাঁর ছেলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন। এখন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুই বছরের বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন।
নুরুল আলম বলেন, ১১ দিনেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইকবালকে উদ্ধার করতে না পারায় তাঁরা ভেঙে পড়েছেন। পরিবারের সদস্যদের নাওয়া-খাওয়া বন্ধ হতে চলেছে। তিনি বলেন, তাঁর ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। তাবলিগ জামাত করতেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইকবাল মাহমুদের মা শামীম আরা আলম, স্ত্রী সোহাদা ইয়াছমিন, নয় বছরের ছেলে আইমান আহসান আনাস ও সাড়ে তিন বছরের মেয়ে আয়েশা।