ভূমি দখলের গুজব সৃষ্টিকারী ও শান্তি বিনষ্টকারী যে-ই হোক, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। খাগড়াছড়ির দীঘিনালায় গতকাল রোববার আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তাঁরা।
সকালে বাবুছড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে দীঘিনালা সেনা জোন। সাধনাটিলা বনবিহার এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় বাঙালিরা ভূমি দখলের উদ্যোগ নিয়েছে, এমন গুজবের পরিপ্রেক্ষিতে এ সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান (মৌজাপ্রধান) ও কার্বারিরা (গ্রামপ্রধান) অংশ নেন।
মতবিনিময় সভায় বাবুছড়া ইউপির চেয়ারম্যান সুগতপ্রিয় চাকমা সভাপতিত্ব করেন। সভায় দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে, কর্নেল ফেরদৌস জিয়া উদ্দিন মাহমুদ বলেন, ভূমির বিষয়টি সম্পূর্ণ ভূমি কমিশন ও প্রশাসনের এখতিয়ার। এখানে সেনাবাহিনীর কোনো হাত নেই। তবে শান্তি বিনষ্ট করে কেউ জোরপূর্বক কারও ভূমি দখল করবে, এটাকে সেনাবাহিনী কোনোভাবেই প্রশ্রয় দেবে না। কারও ভূমি বেদখল হলে সেটা আইন-আদালত বুঝবেন। শান্তি-সম্প্রীতি বিনষ্ট করে ভূমি দখলের চেষ্টা করলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। এলাকার শান্তি-সম্প্রীতি বিনষ্ট করার জন্য কেউ ভূমি দখলের গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করলে তাকে ছাড় দেওয়া হবে না। গুজব সৃষ্টিকারী ব্যক্তিকে চিহ্নিত করে প্রশাসনকে জানানো এবং গুজবে কান না দেওয়ার জন্য কার্বারিদের প্রতি আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা, নারী ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমা, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, ৫০ নম্বর বাঘাইছড়িমৌজাপ্রধান সত্যেন্দ্রীয় চাকমা, ৩৩ নম্বর নুনছড়ি মৌজাপ্রধান উদয় শংকর চাকমা, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য দেন।