>যৌতুকের জন্য মারাত্মক জখম করলে যাবজ্জীবন, নেত্রকোনা ও জামালপুরে সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভারতের সহায়তা নেওয়া হবে
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে চলতি বছর পবিত্র হজ পালন করতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি। তবে এবার হজের খরচ গতবারের চেয়ে বাড়ছে।
হজে যাওয়ার খরচ ও কতজন হজে যেতে পারবেন, তা ঠিক করে জাতীয় হজ এবং ওমরাহ নীতি-২০১৭ এবং হজ প্যাকেজ-২০১৭-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। সভায় যৌতুকের জন্য কোনো নারীকে মারাত্মক জখম করলে সে জন্য যাবজ্জীবন কারাদণ্ড, আত্মহত্যার প্ররোচনার জন্য ১৪ বছরের কারাদণ্ড দেওয়াসহ বিভিন্ন অপরাধের জন্য পৃথক শাস্তির বিধান রেখে যৌতুক নিরোধ আইন-২০১৭-এর খসড়া নীতিগত অনুমোদনসহ আরও কয়েকটি সিদ্ধান্ত হয়। সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সভার সিদ্ধান্তের কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি ব্যবস্থাপনায় প্রথম প্যাকেজে পবিত্র হজ পালনে জনপ্রতি খরচ পড়বে ৩ লাখ ৮১ হাজার ৫০৮ টাকা এবং দ্বিতীয় প্যাকেজে খরচ পড়বে ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকা। এই খরচটি শুধু বিমানভাড়াসহ অপরিহার্য বিষয়ের খরচ। থাকা-খাওয়ার খরচ এর মধ্যে পড়বে না। গত বছর দুই ধরনের ব্যবস্থাপনাতেই খরচ আরও কম ছিল।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এবারও সরকারিভাবে ১০ হাজার ব্যক্তি পবিত্র হজ পালন করতে যেতে পারবেন। আর বেসরকারিভাবে যেতে পারবেন ১ লাখ ১৭ হাজার ১৯৮ জন। গতবার বেসরকারিভাবে ৯১ হাজারের কিছু বেশি লোক হজে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। এবার যাঁরা হজে যাবেন, তাঁদের সবার জন্য যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) লাগবে। প্রতিটি হজ এজেন্সি কমপক্ষে ১৫০ ও সর্বোচ্চ ৩০০ ব্যক্তিকে হজে পাঠাতে পারবে।
যৌতুকের জন্য মারাত্মক জখম করলে যাবজ্জীবন
যৌতুকের জন্য কোনো নারীকে মারাত্মক জখম করলে দায়ী ব্যক্তিকে যাবজ্জীবন অথবা অন্যূন ১২ বছর সশ্রম কারাদণ্ড দেওয়ার বিধান রেখে ‘যৌতুক নিরোধ আইন, ২০১৭’ এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভায়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগের আইন সমন্বয় করে আইনটি করা হচ্ছে। এই আইনে যৌতুকের জন্য কোনো নারীকে আত্মহত্যায় প্ররোচিত করলে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে।
নেত্রকোনা ও জামালপুরে বিশ্ববিদ্যালয় হচ্ছে
মন্ত্রিসভা নতুন দুটি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়ে আইনের খসড়া অনুমোদন দিয়েছে। এর মধ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে জামালপুরের মেলান্দহে। আর শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়টি হবে নেত্রকোনায়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়টি মূলত সেখানকার একটি ফিশারিজ কলেজকে অধিগ্রহণ করে বিশ্ববিদ্যালয় করা হচ্ছে। দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে ৩৮টি। নতুন দুটি হলে এই সংখ্যা দাঁড়াবে ৪০। অন্যদিকে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে ৯৫টি।
পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভারতের সহায়তা নেওয়া হবে
পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে কারিগরি ও বুদ্ধিভিত্তিক সহায়তা নেওয়ার জন্য ভারতের দুটি সংস্থার সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ। এ জন্য মন্ত্রিসভায় চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়াও প্রতিবছর ৬ মার্চকে জাতীয় পাট দিবস হিসেবে উদ্যাপন, বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ আইনের খসড়া ও সমন্বিত ক্ষুদ্র সেচ নীতিমালার খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক শুল্ক দিবস-২০১৭ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যের উদ্বোধনী খাম ও ডাটা কার্ড উন্মোচন করেন। এ ছাড়া আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিদের একজন মাহফুজুল বারীর মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়।