জঙ্গিনেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই এবং তাঁর ক্যাডারদের হাতে রাজশাহীর বাগমারায় নিহত আটজনের পরিবার ছয় বছরেও বিচার পায়নি। আর তাঁদের হাতে যাঁরা নির্যাতনের শিকার হয়েছিলেন, তাঁরাও বিচার পাননি।২০০৪ সালের ১ এপ্রিল বাগমারায় বাংলা ভাই ও তাঁর ক্যাডারদের প্রকাশ্য আবির্ভাব ঘটে। প্রথমে তাঁরা মুসলিম মুজাহিদীন বাংলাদেশ, তার পর জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি) ও পরে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নামে তাদের তৎপরতা চালায়। দুই মাস ধরে চলে তাদের প্রকাশ্য কার্যক্রম। এ সময় বাগমারায় আটজন নিহত ও তিন শতাধিক লোক আহত হন।জঙ্গিরা ২০০৪ সালের ১ এপ্রিল বাগমারার পালাশী গ্রামে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে নাটোরের সরগতিয়া গ্রামের যুবলীগের কর্মী মনোয়ার হোসেন ওরফে বাবুকে। ২০০৭ সালের ১২ জুলাই নিহত ব্যক্তির বাবা মহসিন আলী সাবেক মন্ত্রী আমিনুল হক, রুহুল কুদ্দুস তালুকদার ওরফে দুলু, নাদিম মোস্তফাসহ ৫২ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। এ মামলায় ৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে। পরে বাগমারায় খুন হন গোলাম রাব্বানী মুকুল, শহিদুল ইসলাম, দীপঙ্কর, আবু তালেব, আলী আকবর, মাহাবুর রহমান ও ইয়াছিন আলী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মামলার কার্যক্রম চললেও একটি মামলারও বিচার হয়নি।নিহত গোলাম রাব্বানীর বড় ভাই ও মামলার বাদী গোলাম মোস্তফা ওরফে বাবলু জানান, এখনো খুনিরা ঘুরে বেড়ায়, হুমকি দেয়। এ ব্যাপারে থানায় জিডিও করা হয়েছে। কোনো লাভ হয়নি। নিহত মাহাবুর রহমানের স্ত্রী নাছিমা বেগম বলেন, ‘স্বামী হত্যার বিচার কবে পাব, জানি না।’এদিকে আহত ব্যক্তিদের মধ্যে হাসানপুরের ফজলুর রহমান ছাড়া আর কেউ বিচার পাননি। তবে তিনি জানান, তাঁর মামলায় সাজাপ্রাপ্ত ২৫ আসামির মধ্যে ২২ জন উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। বাদীদের অভিযোগ, নির্যাতনের অভিযোগে দায়েরকৃত ২৩টি মামলার সঠিক তদন্ত হয়নি। এর মধ্যে কয়েকটি মামলায় মূল আসামিদের বাদ দিয়ে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বাংলা ভাই বাহিনীর নির্যাতনের শিকার ঝিকড়ার মানিক অভিযোগ করেন, পুলিশ তাঁর মামলা নিয়ে বাণিজ্য করছে। আসামিদের সঙ্গে সখ্য রেখে চলছে পুলিশ। একই অভিযোগ করেন নির্যাতনের আরেকটি মামলার বাদী মির্জাপুরের আওয়ামী লীগের নেতা আবেদ আলী।এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, নির্যাতনের কিছু মামলার তদন্ত শেষ হয়েছে। আর কিছু মামলার প্রতিবেদন দাখিলের অপেক্ষায় রয়েছে। পুলিশের বিরুদ্ধে আনা অভিযোগ তিনি অস্বীকার করেন।রাজশাহী থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, গতকাল বুধবার দুপুরে রাজশাহী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্যাতিত পরিবারের সদস্যরা ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। তাঁরা অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নির্যাতিত হিসেবে ২১ জনকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এর মধ্যে ১৪ জনই ভুয়া, তাঁরা সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় সহায়তা পেয়েছেন।সংবাদ সম্মেলনে নির্যাতিত পরিবাবের সদস্যরা বলেন, ২০০৪ সালে জঙ্গিদের নির্যাতনে স্বজনদের হারিয়ে তাঁরা মানবেতর জীবন যাপন করছেন। বাগমারার আবু তালেবের মা, শহিদুলের বাবা, রানীনগরের সুশান্ত ও সুফলের বাবা এখনো খুঁজে ফেরেন তাঁদের সন্তানদের। বাগমারার ফজলুর রহমান টাকার অভাবে অপারেশনের পর পায়ে থেকে যাওয়া রড খুলে নিতে পারছেন না। তাঁরা আরও অভিযোগ করেন, অনেক জঙ্গি প্রকাশ্যে বাগমারা, রানীনগর, নলডাঙ্গা, আত্রাইসহ আশপাশের এলাকায় ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করছে না পুলিশ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাগমারার ফজলুর রহমান। উপস্থিত ছিলেন আত্রাইয়ের আনিছুর রহমান, রানীনগরের মহসীন মল্লিক, বেলঘরিয়ার রাহিমুল, শফিকপুরের আবদুস সামাদ, আত্রাইয়ের দ্বিজেন্দ্রনাথ সাহা, রফিকুল, বাগমারার মোতালেবসহ প্রায় অর্ধশত ব্যক্তি।