‘...এবং কান্না’র প্রদর্শনী ২৩ ফেব্রুয়ারি থেকে
চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ২৩ ফেব্রুয়ারি থেকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ...এবং কান্নার তিন দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার সকালে নগরের ফুলকি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে চলচ্চিত্রটির পরিচালক মারুফ হোসেন বলেন, দুই বাংলার অন্যতম শ্রেষ্ঠ কথাশিল্পী আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্প কান্নার অনুপ্রেরণায় চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। সাহিত্য থেকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হয়ে ওঠার প্রক্রিয়ায় গল্পের চরিত্র, ঘটনার পরম্পরা এবং তাদের ভবিতব্য বাধা হয়েছে নতুন পরিসরে ও সমসাময়িক প্রেক্ষাপটে। সংবাদ সম্মেলনে উপস্থিত শিল্পী ঢালী আল মামুন বলেন, ‘সাহিত্যনির্ভর চলচ্চিত্র নির্মাণ খুবই কঠিন। পাশাপাশি ডিজিটাল ফরমেটে নির্মিত ছবি প্রদর্শনে কোনো ধরনের ব্যবস্থা গড়ে না ওঠায় তা দর্শকের কাছে পৌঁছানোর দায়িত্বও পরিচালককেই পালন করতে হচ্ছে। আশা করি, সচেতন নাগরিকেরা এই প্রয়াসে সহযোগী হবেন।’ চলচ্চিত্রটি নির্মাণে কারিগরি সহায়তা করে সৃষ্টিগড়। সংবাদ সম্মেলনের পর ছবিটি প্রদর্শিত হয়। ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি থিয়েটার ইনস্টিটিউটে ...এবং কান্নার প্রদর্শনী চলবে সকাল সাড়ে ১০টা, দুপুর আড়াইটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়।