
‘আসলেই আর কোনো ফরিয়াদ নেই/ নেই কোনো অস্ত্রের সম্ভার/ ওখানে কুঠার নেই/ পরশুরামের মতো নিক্ষত্রিয় জগত্ কল্পনা জানি ওখানে করে না কেউ/ তথাপিও ‘মানবের মাঝে আমি বাঁচিবারে চাই’/ কিন্তু কার হাতে রাজদণ্ড মানবিক হবে’?
প্রায় দুই যুগ আগে চন্দন সরকার এমন একটা প্রশ্ন তুলেছিলেন তাঁর কবিতা সংকলনে। সংকলনটির শিরোনামও ছিল, ‘কার হাতে রাজদণ্ড মানবিক হবে’? চন্দন সরকার প্রশ্নের উত্তর পাননি। উত্তর খোঁজার ভার যেন দিয়ে গেছেন সন্তানদের ওপর।
অপহরণের দশম দিনে গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের জালকুঁড়িতে আইনজীবী চন্দন সরকারের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেল, এমন আরও অনেক প্রশ্ন তাঁদের মনে এখন ঘুরপাক খায়। কেন খুন হলেন চন্দন সরকার? তাঁরা কি ন্যায়বিচার পাবেন? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেই খুন হলেন একজন আইনজীবী?
যে নারায়ণগঞ্জ জেলায় থাকতে সবচেয়ে স্বস্তি বোধ করতেন চন্দন সরকার, সেই জেলায় তাঁর গলিত-বিকৃত লাশ উদ্ধার? চন্দন সরকারের মেয়ে সুস্মিতা সরকার জানান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহীমপুর গ্রামে তাঁদের পৈতৃক বাড়িটি স্বাধীনতার সময় বেহাত হয়ে গিয়েছিল। চন্দন সরকার নারায়ণগঞ্জেই ইব্রাহীমপুরের বাড়ির আদলে একটা বাড়ি করতে চেয়েছিলেন। যখন সিদ্ধিরগঞ্জের জালকুঁড়িতে খুব শান্ত নিরালা একটা জায়গা খুঁজে বের করলেন, তখন বাদ সেধেছিলেন মেয়েরা। তাঁদের মনে শঙ্কা ছিল, জায়গাটা যথেষ্ট নিরাপদ তো! চন্দন সরকার তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন সব আশঙ্কা। মেয়েদের বলেছিলেন, ‘এই নারায়ণগঞ্জে আমরা সবচেয়ে নিরাপদ। এখানে সবাই আমার শুভাকাঙ্ক্ষী স্বজন।’
সেই চন্দন সরকারের পেট চিরে ইট বেঁধে ডুবিয়ে দেওয়া হয়েছিল শীতলক্ষ্যায়। খুনখারাবি ভীষণ অপছন্দ ছিল যাঁর, সন্ত্রাসীদের এড়িয়ে চলবেন বলে ফৌজদারি মামলা করেননি কখনো, সেই আইনজীবীর স্বজনেরা এখন ছুটছেন পুলিশ সুপারের কার্যালয়ে, কখনো ছুটছেন আদালতে।
চন্দন সরকারের মেয়েরা বলছিলেন, তাঁদের বাবা ঝুটঝামেলা এড়িয়ে চলেছেন। আটপৌরে জীবনযাপন ছিল। আদালত থেকে বাড়ি এসে ভাত খেতেন। চেম্বারে বসতেন। বাড়ি ফিরে আবার বসতেন লেখাপড়ায়। সাহিত্যচর্চা করতেন। বাঁশি বাজাতেন। এমন একটা মানুষকে নৃশংসভাবে খুন হতে হলো কেন?
চন্দন সরকারের মৃত্যুর পর থেকে আড়ালেই রয়েছেন স্ত্রী। ছোট মেয়ে এ লেভেল পরীক্ষার্থী সপ্তর্ষি কোচিংয়ে যাবে বলে সেদিন নির্ধারিত সময়ের কিছুটা আগেই আদালত থেকে বেরিয়েছিলেন চন্দন সরকার। আর ফেরেননি। সেই থেকে নির্বাক সপ্তর্ষি। চন্দন সরকার এখন তাঁর আদরের চার কন্যা সেঁজুতি, সুস্মিতা, স্বাতী আর সপ্তর্ষির স্পর্শের বাইরে। তবু তাঁর মেয়েরা ঘুরেফিরে ঢুকছেন বাবার ঘরেই। এই ঘরের দেয়ালজুড়ে বাবার সঙ্গে তাঁদের ছবি। বাবার পড়ার টেবিলে পবিত্র ধর্মগ্রন্থ গীতা, মধুসূদন রচনাবলি, গীতবিতান, মিলান কুন্ডেরার ঠাট্টা, তাঁর দিনলিপিসহ বহু বই।
এই কোনে একাই দোল খায় বাবার ইজি চেয়ারটা, হাতলে ঝুলে আছে লুঙ্গি-গেঞ্জি। মনে হয় এই ঘরের মানুষটা বেরিয়েছেন কোথাও, ফিরবেন শিগগিরই।