‘...তথ্য দেওয়া সম্ভব নয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইউএনওর (উপজেলা নির্বাহী কর্মকর্তা) অনুমতি ছাড়া আমার পক্ষে তথ্য দেওয়া সম্ভব নয়। আমি ফাইল নোট দিয়ে আবেদনটি ইউএনও স্যারের কাছে পাঠিয়ে দিয়েছি। তিনি অনুমতি দিলেই আপনাকে তথ্য দেওয়া হবে।’ তথ্য চেয়ে আবেদন করার পর পাঁচ মাস ধরে একই কথা বলে যাচ্ছেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবদুল বাছেদ।২০১০ ও ২০১১ সালে সাটুরিয়া উপজেলায় বাস্তবায়ন হওয়া কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি (কাবিখা), কাজের বিনিময়ে টাকা (কাবিটা) এবং বিশেষ ও সাধারণ টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পগুলোর নাম ও বরাদ্দের পরিমাণ জানতে চেয়ে গত ১৩ জুন পিআইওর কাছে আবেদনটি করেছিলেন এ প্রতিবেদক। কিন্তু গত পাঁচ মাসেও ওই দপ্তর থেকে কোনো তথ্য সরবরাহ করা হয়নি। তথ্যের জন্য বারবার ওই কার্যালয়ে গিয়ে শূন্য হাতে ফিরতে হয়েছে।তথ্য সরবরাহের জন্য ইউএনওর অনুমতির প্রয়োজন প্রসঙ্গে বাছেদ বলেন, ‘আমি দপ্তরপ্রধান হলেও উপজেলা-প্রধান হিসেবে তাঁর অনুমতি প্রয়োজন।’ অনুমতির জন্য কত দিন অপেক্ষা করতে হবে জানতে চাইলে বলেন, ‘সেটা ইউএনওর ব্যাপার, আমি তো তাঁকে বাধ্য করতে পারি না।’তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী সরকারি ও বেসরকারি দপ্তর থেকে একজন নাগরিকের যেকোনো ধরনের তথ্য পাওয়ার অধিকার আছে এবং আবেদনকারীকে তথ্য সরবরাহ করা বাধ্যতামূলক। এ বিষয়টি স্মরণ করিয়ে দিলে পিআইও বাছেদ বলেন, ‘সবই মানলাম, কিন্তু অনুমতি ছাড়া তথ্য দিতে পারব না।’যোগাযোগ করা হলে সাটুরিয়ার ইউএনও মুহাম্মদ আবুল কাসেম গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘আপনার আবেদনের বিষয়ে আমি অবগত নই। পিআইও সাহেবও আমাকে কিছু বলেননি। এসব তথ্য থাকে পিআইওর কাছে। তিনিই তা সরবরাহ করতে পারেন। এ জন্য আমার অনুমতির কোনো প্রয়োজন নেই।’ মুঠোফোনের মাধ্যমে ইউএনওর এই বক্তব্য পিআইও বাছেদের কাছে উপস্থাপন করা হলে তিনি বলেন, ‘ঠিক আছে, আমি আলাপ করে দেখি তিনি কী বলেন।’ একই রকম তথ্য চেয়ে প্রায় একই সময় আবেদন করা হয়েছিল মানিকগঞ্জ সদর উপজেলা পিআইওর দপ্তরেও। ওই দপ্তরের প্রধানও এ পর্যন্ত কোনো তথ্য সরবরাহ করেননি। যোগাযোগ করা হলে পিআইও মোশাররফ হোসেন বেশ কিছুদিন দেই-দিচ্ছি বলে কালক্ষেপণ করে বর্তমানে বলছেন, ‘আপনার আবেদনই পাওয়া যাচ্ছে না।’