'...যাতে আর কেউ অবহেলা না করতে পারে'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের দেশে পরিণত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বলেছেন, ‘আমরা এমন অবস্থানে যেতে চাই যাতে আর কেউ আমাদের অবহেলা না করতে পারে।’ তিনি আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২০ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে যাচ্ছে। এই মহান উৎসব উদযাপনের লক্ষ্যে আমরা বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত এবং একটি মর্যাদাসম্পন্ন জাতি হিসেবে গড়ে তুলতে চাই; যাতে কেউ আমাদের দরিদ্র ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হিসেবে উল্লেখ করে অবহেলা না করতে পারে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। আমরা চাই এই বাংলাদেশ ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হবে। আর কেউ যেন আমাদের অবহেলা দেখাতে না পারে। আমার মনে হয়, তা আর কেউ দেখাবে না। কারণ, পদ্মা সেতুর মাধ্যমে সে শিক্ষা তারা পেয়ে গেছে।’ তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি দেশবাসীকে ধন্যবাদ জানাতে চাই এ জন্য যে যখন একটা মিথ্যা অভিযোগ দিয়ে তারা (বিশ্বব্যাংক) টাকা প্রত্যাহার করে নিল এবং আমি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার ঘোষণা দিলাম, সে সময় জনগণের বিপুল সাড়া পেয়েছি।’
বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার তহবিল বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক। ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কৃষি ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২০ দেওয়া হয়। এর মধ্যে পাঁচটি স্বর্ণ, নয়টি রৌপ্য ও ১৮টি ব্রোঞ্জ পদক।
প্রধানমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। আমরা এ অবস্থায় থাকতে চাই না। আমরা যুদ্ধজয়ী জাতি। আমরা ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেই দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে চাই। আমি মনে করি, সে শক্তি আমাদের রয়েছে।’ বাংলাদেশের জনগণ ও বিজ্ঞানীরা অনেক বেশি মেধাসম্পন্ন বলে তিনি মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী যুবসমাজকে চাকরির পেছনে না ছুটে সরকারি সহযোগিতা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা গড়ে তুলে দেশের উন্নয়নে অংশীদার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, তাদের প্রণোদনা দেওয়া হচ্ছে যেন তারা উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে। কর্মসংস্থান ব্যাংক থেকে বিনা জামানতে ঋণ নিয়ে বন্ধু-বান্ধবের সঙ্গে মিলে তারা যেন কর্মসংস্থান ব্যবস্থা গড়ে তুলে। নিজেদের সঙ্গে সঙ্গে এতে অন্যদেরও কর্মসংস্থান সৃষ্টি হবে।
প্রধানমন্ত্রী বলেন, দেশে ১০০টি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। এর মধ্যে ২৪টির জন্য ইতিমধ্যে জায়গা দেখা হয়ে গেছে। তিনি এসব অঞ্চলে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তুলতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান। তখন আর বাংলাদেশ গরিব থাকবে না বলেও তিনি মন্তব্য করেন। বাসস