'অ ফুত তুই কডে গেলি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলে সাইফুলকে হারিয়ে মায়ের আহাজারি। গতকাল বেলা ১১টায় সীতাকুণ্ডের তেলিবাজার এলাকায় l প্রথম আলো
ছেলে সাইফুলকে হারিয়ে মায়ের আহাজারি। গতকাল বেলা ১১টায় সীতাকুণ্ডের তেলিবাজার এলাকায় l প্রথম আলো

বেড়ার ঘর। ছাউনি ত্রিপলের। ঘরের দরজায় বসে বিলাপ করছেন বছর পঞ্চাশের মরিয়ম খাতুন। বুক চাপড়ে বলছেন, ‘অ ফুত তুই কডে গেলি। আঁর বুকর ধনরে ফিরায় দ। তার তো কোনো দোষ ন আছিল। গম ফোয়ারে মারি ফেলায়্যি দে।’

গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের তেলিবাজার এলাকায় পুলিশের গুলিতে নিহত তরুণ সাইফুল আলমের বাড়িতে গেলে এ দৃশ্য দেখা যায়। এ সময় প্রতিবেশী নারীরাও কান্নায় ভেঙে পড়েন। তেলিবাজার এলাকার বাসিন্দা শামশুল আলমের তিন ছেলে ও এক মেয়ের মধ্যে সাইফুল ছোট।

সাইফুলের বাবা পঙ্গু। চার বছর আগে মস্তিষ্কে রক্তক্ষরণের পর এক হাত ও এক পা অবশ। সারাক্ষণই কাটে বিছানায়। মাও নানা রোগে আক্রান্ত। দুই ভাই বিয়ে করে আলাদা থাকেন। বোন চাকরি করেন চট্টগ্রাম শহরের একটি পোশাক কারখানায়। মা-বাবকে দেখাশোনা করতেন সাইফুল। তিনি ছিলেন জাহাজভাঙা কারখানার শ্রমিক।

গত বুধবার রাতে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদার নেতৃত্বে পুলিশের তিন সদস্য সাদাপোশাকে তেলিবাজার এলাকায় গিয়ে ফারুক হোসেন নামের স্থানীয় যুবককে তুলে আনার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন বাঁধা দিলে পুলিশ গুলি ছুড়ে। গুলিতে সাইফুল আলম নিহত হন।

নিহত সাইফুলের ঘরে গিয়ে দেখা যায়, ঘরে আসবাব বলতে মাত্র একটি খাট। এতে বসে ছিলেন তাঁর বাবা। মুখে কোনো কথা নেই। চোখ দিয়ে শুধু পানি ঝরছিল।

মরিয়ম বেগম বলেন, বুধবার রাতে জাহাজভাঙা কারখানায় কাজ শেষে বাসায় ফেরে সাইফুল। হাতমুখ ধুয়ে ঠিকাদার মো. ফারুকের কাছে মজুরির টাকার জন্য যাওয়ার প্রস্তুতি নেন। এ সময় বাইরে থেকে ডাকাত ডাকাত শব্দ শুনতে পেয়ে দৌঁড়ে যান তিনি। কতক্ষণ পর তিনি শোনেন সাইফুল গুলিবিদ্ধ। নিথর দেহ রাস্তার ধারে পড়ে ছিল। পরে স্থানীয় লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও বলেন, তার বাবার ওষুধপত্র, সংসারের যাবতীয় খরচের একমাত্র অবলম্বন ছিল সাইফুল। এখন তাদের ওষুধ, সংসার কে চালাবে তা বুঝে ওঠতে পারছেন না।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, নিহত সাইফুলের পরিবার খুবই দরিদ্র। তাঁরা নানার বাড়িতে একটি ঘরে থাকেন। মামলা করে চালানোর মতো সামর্থ্য নেই। তবুও আদালতে একটা মামলা করা হবে।