‘অইছে ভালা, থাকব ভালা’
‘অইছে ভালা, ধানডা ভালা, থাকব ভালা’—এমন ধ্বনিতে এখন মুখরিত হচ্ছে তাড়াইল-নান্দাইল সড়ক। ১০-১২ দিন ধরে দিনে-রাতে এমন আওয়াজে সরগরম সড়ক ও জনপদের এ রাস্তাটি। ভাবছেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীর সমর্থনে নির্বাচনী মিছিল? তা নয়। হাওর থেকে ট্রাক, লরি, টমটম, ভ্যানে করে ধান নিয়ে ঘরে ফেরা কৃষকদের আনন্দ মিছিল এটি। নদীপথে ধানবোঝাই ট্রলার তাড়াইলের নৌ-ঘাটে আসার পর তাড়াইল, নান্দাইল, ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর উপজেলার কৃষকেরা বস্তাভর্তি ধান উল্লিখিত পরিবহনে করে বাড়ি নিয়ে যাওয়ার সময় আনন্দে তাঁরা এমন মিছিল করছেন। গত বছর আগাম বন্যায় কৃষকেরা হাওর থেকে হতাশ হয়ে বাড়ি ফিরলেও এবার তাঁরা বাম্পার ফসল নিয়ে ঘরে ফিরছেন হই-হুল্লোড় করে। গতকাল বুধবার দুপুরে উপজেলার শিমুলআটি এলাকায় ধানভর্তি ট্রাক নিয়ে মিছিল করে ঘরে ফেরার সময় নান্দাইলের কৃষক রহিম মিয়া, সুজন মিয়াসহ কয়েকজন প্রথম আলোকে বলেন, ‘ফসল ভালো হয়েছে, সুন্দরভাবে মাঠের ধান তুলে বাড়িতে যাচ্ছি। তাই, মনের আনন্দে মিছিল করছি।’