‘অউ হরতালও আমরার মত আছে!’
পঞ্চাশোর্ধ্ব বয়সের কফিলউদ্দিন সরকার। সিলেট নগরের কাজিটুলায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠান। রাতে বন্ধ করে যাওয়ার সময় এবং সকালবেলা আবার এক নজর দেখার জন্য বাসা থেকে বের হন তিনি। হরতাল সম্পর্কে জানতে চাইলে কফিল বলেন, ‘বান্ধ (টিপাইমুখ বাঁধ) বন্ধ করার লাগি হরতাল। পাবলিকের কষ্ট অইলেও অউ হরতালও আমরার মত আছে!’ কফিলউদ্দিন ছাড়াও গতকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা হয়। সবারই অভিন্ন ভাষ্য, সারা দেশের মানুষ টিপাইমুখ বাঁধ চুক্তি বাতিলের দাবিতে আন্দোলন-সংগ্রাম করলেও বর্তমান সরকার অনেকটাই উদাসীন ও নিশ্চুপ। জনগণ চায় ভারতের আশ্বাসের দিকে না তাকিয়ে আন্তর্জাতিক নদী আইনের মাধ্যমে পুরো বিষয়টির মোকাবিলা করা।বন্দরবাজার এলাকায় ইদ্রিস আলী নামের একজন খুদে ব্যবসায়ী কিছুটা ক্ষোভ ঝেড়ে বলেন, ‘ভাই, আমি জীবনের সবকটা নির্বাচনে একটি মার্কাতেই ভোট দিছি। মনেপ্রাণে আওয়ামী লীগের সমর্থক। কিন্তু বর্তমান সরকারের অবস্থা দেখে খুব কষ্ট পাচ্ছি। টিপাইমুখ বাঁধ নিয়ে তাঁরা এত চুপচাপ কেন বুঝতে পারছি না।’শহরতলির শাহপরান গেট এলাকার স্কুলশিক্ষক আফজাল খান বলেন, ‘দীর্ঘদিন ধরে টিপাইমুখ নিয়ে আন্দোলন-সংগ্রাম হচ্ছে। অথচ আজ পর্যন্ত বিষয়টির কোনো সমাধান হচ্ছে না। এটা বাংলাদেশের দুর্বল পররাষ্ট্রনীতিকে সমর্থন করে।’চালিবন্দর এলাকায় সোহেল আহমদ নামের একজন তরুণ বলেন, ‘টিপাইমুখ বাঁধ হলে সিলেটসহ আশপাশের অনেকগুলো জেলার কৃষি ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। এ অঞ্চলের মানুষ তখন না খেয়ে মারা যাবে। তাই এই বাঁধ নির্মাণের চুক্তি ভারতকে বাতিল করার জন্য সম্মিলিতভাবে প্রতিবাদ করে প্রতিরোধ করতে হবে।’গৃহিণী আমেনা খাতুন বলেন, ‘শুনছি ভারত আমরার কোনো মত না নিয়ে জোর করে বাঁধ দিতে প্রস্তুতি নিচ্ছে। তাহলে সরকার করছেটা কী?’ লামাবাজার এলাকার একটি উন্নয়ন সংস্থায় কর্মরত শিপ্রা রানী দাশ বলেন, ‘হরতালটি রাজনৈতিক কর্মসূচি এটা ঠিক। তবে এই ইস্যুতে সাধারণ মানুষের অবশ্যই সমর্থন রয়েছে। কারণ, আমরা যে দল কিংবা সংগঠন করি না কেন, কেউই এই বাঁধ নির্মাণ হোক এটা অন্তত চাই না।’ বিকেলে হরতাল শেষে বিএনপির কর্মসূচি শুনতে কোর্ট পয়েন্টে গিয়েছিলেন সত্তরোর্ধ্ব বয়সের রেস্তোরাঁ ব্যবসায়ী হাজি ইসমাইল মিয়া। তিনি জানান, হরতালের জন্য সারা দিনই রেস্তোরাঁ বন্ধ ছিল তাঁর। হরতাল সম্পর্কে কিছুটা ক্ষোভ প্রকাশ করে ইসমাইল বলেন, ‘হরতাল দিলে তো দেশেরই ক্ষতি। দেশের স্বার্থে হরতালের বিকল্প কিছু করলে আমরা বেশি খুশি হতাম।’ সাধারণ ও পেশাজীবী মানুষের হরতালের এমন প্রতিক্রিয়া প্রসঙ্গে টিপাইমুখ বাঁধ নিয়ে সিলেটে প্রথম প্রতিবাদ কর্মসূচি পালনকারী বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘অঙ্গীকার বাংলাদেশের’ পরিচালকমণ্ডলীর সদস্য মইনুদ্দিন আহমদ জালাল প্রথম আলোকে বলেন, ‘একবিংশ শতাব্দীর সূচনা থেকে তথ্য, গবেষণা ও সংগ্রামের মধ্য দিয়ে টিপাইমুখ বাঁধ সম্পর্কে সচেতন করে তুলতে অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরই পটভূমিতে এই বাঁধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মানুষ। এ জন্য জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে। বাংলাদেশ ও ভারতের পানি অধিকার-সংগ্রামীদের একযোগে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যেতে হবে।’