‘অউ হরতালও মানুষর মত আছে। আমরা চাইয়ার তাড়াতাড়ি যুদ্ধাপরাধীরার বিচার শেষ অউক। তারার বিচার শেষ অইলে দ্যাশটা অর্ধেক ঠিক অই যাইব।’ কথাগুলো বলছিলেন সিলেট নগরের কাজলশাহ এলাকার বাসিন্দা খায়ের উদ্দিন। গতকাল মঙ্গলবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এবং গণতান্ত্রিক বাম মোর্চার ডাকে মানবতাবিরোধী অপরাধীদের দ্রুত বিচারসহ কয়েকটি দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল সিলেট নগরে স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে। হরতাল চলাকালে কথা হয় অন্তত ৩০ জন নগরবাসীর সঙ্গে। তাঁরা জানান, মুক্তবুদ্ধিসম্পন্ন ও প্রগতিশীল জাতি গঠনে জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক দল নিষিদ্ধ করা উচিত। তবেই দেশের আগামী প্রজন্ম ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক মনোভাবাপন্ন মানুষ হিসেবে তৈরি হবে।আম্বরখানা বড়বাজার এলাকার যানবাহনহীন ফাঁকা রাস্তায় বন্ধুদের নিয়ে ক্রিকেট খেলছিলেন কলেজ শিক্ষার্থী আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘আজকের (গতকাল) হরতাল খুব কড়াকড়িভাবে পালিত হচ্ছে। রাস্তা ফাঁকা থাকায় ক্রিকেট খেলছি। আমরাও দ্রুত যুদ্ধাপরাধীদের বিচারের রায় দেখতে চাই। সরকার এ নিয়ে টালবাহানা করলে খবর আছে।’ছাত্র ইউনিয়ন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন, ‘মানুষ বাম দলগুলোর দাবির সঙ্গে একাত্মতা পোষণ করছে বলেই কোথাও কোনো দোকানপাট খুলেনি, যানবাহন চলাচল করেনি। সরকারের উচিত আমাদের উত্থাপিত দাবিগুলো দ্রুত বিবেচনায় নিয়ে কার্যকর করা।’ সুনামগঞ্জের ছাতক উপজেলার সংগীতশিল্পী অতীন্দ্র দেবনাথ গত সোমবার সিলেটে একটি গানের আসরে যোগ দিতে এসেছিলেন। গতকাল মঙ্গলবার বাড়ি ফেরার জন্য বাসস্ট্যান্ডে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন। তিনি বলেন, ‘দূরপাল্লার গাড়ি না চলায় বাসস্ট্যান্ডে আটকে আছি। অনেক ভোগান্তি হচ্ছে ঠিকই, তবে মনে কোনো খেদ নেই। কারণ, যে দাবিতে হরতাল পালিত হচ্ছে, সেগুলো আমাদেরও দাবি।’ কালীঘাট এলাকার বাসিন্দা ইদ্রিস মিয়া বলেন, ‘দাবিগুলো ঠিক আছে, কিন্তু হরতাল ছাড়া অন্য কর্মসূচিও বাম দলগুলো দিতে পারত। হরতাল দেওয়ায় আওয়ামী লীগ-বিএনপির সঙ্গে তাদের পার্থক্য থাকল কই? আসলে মানুষের ভোগান্তি ভাববার কোনো রাজনৈতিক দলই এ দেশে নেই।’ কদমতলী বাসস্ট্যান্ড এলাকায় কথা হয় নাজির উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘সকাল থেকে যানবাহন চলছে না। তাই বাড়ি যেতে পারছি না। পরিবার নিয়ে বড় ভোগান্তিতে পড়েছি। হরতাল শেষ হওয়ার আগে মনে হচ্ছে গাড়ি ছাড়বে না।’ পাঠানটোলা এলাকার অটোরিকশাচালক আনসার মিয়া বলেন, ‘ই-হরতাল বিচারের লাগি। ইটা ভালা হরতাল।’ একই এলাকার স্কুলশিক্ষিকা শামীমা আক্তার বলেন, ‘আমার মতে, এটি জনবান্ধব হরতাল। নিজের বাড়িঘর নিয়ে হারানোর দুঃখে এ দেশে হরতাল হয়। কিন্তু প্রকৃতই দেশের জন্য এ দেশে কয়টা হরতাল হয়েছে। যেসব দাবি বাম দলগুলো দিয়েছে, সেগুলো এ দেশের অধিকাংশ মানুষের দাবি।’