'অকারণে' গাছ কাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজিমপুর সরকারি কলোনির ফটকের পাশের মেহগনিগাছটি কেটে ফেলছে ডিএসসিসি। গতকাল ছবিটি তুলেছেন মুসা আহমেদ
আজিমপুর সরকারি কলোনির ফটকের পাশের মেহগনিগাছটি কেটে ফেলছে ডিএসসিসি। গতকাল ছবিটি তুলেছেন মুসা আহমেদ

আজিমপুর সরকারি কলোনির অধ্যাপক ডা. মোহাম্মদ আখতারুজ্জামান ফটকের পাশের বড় একটি মেহগনিগাছ কেটে ফেলা হচ্ছে। ইতিমধ্যে গাছটির সব ডাল কেটে ফেলা হয়েছে। এখন মূল গাছ কাটার প্রস্তুতি চলছে।
স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই গাছটি কেটে ফেলছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। তাঁরা বলেন, গাছটির বয়স ৫০ থেকে ৬০ বছর হতে পারে।
ডিএসসিসি সূত্র জানায়, গত অক্টোবরে আজিমপুর গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গাছটি কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই আবেদনে বলা হয়, ‘মোহাম্মদ আখতারুজ্জামান ফটক দিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হওয়ার সময় আজিমপুর রোডের দক্ষিণ দিক থেকে আসা যানবাহনের গতি বোঝা যায় না। কারণ, মেহগনিগাছটি অনেক মোটা। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকে। এ ছাড়া গাছটি বেশ ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় হেলে পড়তে পারে।’ ডিএসসিসির অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম আনছারুজ্জামান প্রথম আলোকে বলেন, মেহগনিগাছটি কেটে ফেলতে ডিএসসিসির সম্পত্তি বিভাগে আবেদন করেছিল আজিমপুর গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। এরপর কী সিদ্ধান্ত হয়েছে, তা তিনি জানেন না।
এ ব্যাপারে বক্তব্য জানতে আজিমপুর গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের দপ্তরে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
ডিএসসিসি সূত্র জানায়, গত বছরের ৮ ডিসেম্বর গাছটি কেটে ফেলতে দরপত্র আহ্বান করে ডিএসসিসি। গাছ কাটার কাজ পায় ডি এ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। গত রোববার থেকে গাছটি কাটা শুরু হয়।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, মোহাম্মদ আখতারুজ্জামান ফটক থেকে প্রায় আট ফুট দক্ষিণ-পূর্ব পাশে ফুটপাত ঘেঁষে মেহগনিগাছটির অবস্থান। গাছের সব ঢাল কেটে সড়ক ও ফুটপাতে স্তূপ করে রাখা হয়েছে। গাছটির চারপাশে প্রায় তিন ফুট মাটি খুঁড়ে শিকড়গুলো কেটে ফেলা হয়েছে। মূল গাছটি কাটার প্রস্তুতি নিচ্ছেন তিনজন শ্রমিক।

কলোনির কয়েকজন বাসিন্দা ও গাড়ির চালক বলেন, ফটক দিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে চলাচল করতে তাঁদের কখনো কোনো সমস্যা হয়নি।

গতকাল বিকেল চারটার ওই ফটক দিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হতে দেখা যায় গৃহিণী শাহিনা আক্তারকে। তিনি বলেন, গাড়ি নিয়ে বের হওয়ার সময় তাঁর কখনো সমস্যা হয়নি।

ব্যক্তিগত গাড়ির চালক আলম হোসেন ও মো. শামিমও প্রায় একই কথা বলেছেন।

আজিমপুরের বাসিন্দা ইমরান আহমদ ও মোহাম্মদ হোসেন বলেন, গাছটির বয়স ৫০ থেকে ৬০ বছর।