‘অখন কিতা করি খাইতাম’
ঘরে-বাইরে থই থই পানি। কাজ নেই, হাতে নেই টাকা-পয়সা, নেই খাবার। কোনোমতে একবেলা খাবার জুটলেও অন্যবেলার খাওয়া অনিশ্চিত। সিলেটের বালাগঞ্জে বন্যায় পানিবন্দী হয়ে পড়া শত শত দরিদ্র পরিবারের এমনই অবস্থা এখন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যৎসামান্য কিছু ত্রাণের ব্যবস্থা হলেও তা চাহিদার তুলনায় নিতান্তই অপ্রতুল।এলাকা ঘুরে দেখা যায়, বসতঘরের ভেতরে পানি ঢুকে পড়ায় কেউ অন্যের বাড়িতে, আবার কেউ নিকটবর্তী বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। আবার অনেকে মালপত্র চুরি হওয়ার আশঙ্কায় মাচা বেঁধে ঘরেই থাকছে। মনোহরপুর গ্রামের দিনমজুর নুর ইসলাম বলেন, ‘ঘর পানিত ডুবি গেছে। আরখজনর বাড়িত থাকি। অখন কিতা করি খাইতাম।’উপজেলার ১৪টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। এর মধ্যে পূর্ব গৌরীপুর, পশ্চিম গৌরীপুর, পূর্ব পৈলনপুর, বালাগঞ্জ সদর, সাদীপুর, পশ্চিম পৈলনপুর, বোয়ালজুড়, দেওয়ানবাজার, বুরুঙ্গা ইউনিয়নের অবস্থা সবচেয়ে বেশি নাজুক। ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৫টি মাধ্যমিক বিদ্যালয়, ১২টি মাদ্রাসা ও একটি কলেজের পাঠদান কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। উপজেলার প্রায় সবকটি সড়কে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।বালাগঞ্জ্রসদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার উদ্দিন আহমদ বলেন, ‘দুটি স্কুলে বন্যার্ত মানুষের থাকার ব্যবস্থা করে দিয়েছি। যে ত্রাণ বরাদ্দ পেয়েছি, তা চাহিদার তুলনায় কিছুই না। শুধু আমার ইউনিয়নে তিন হাজার গরিব মানুষ বন্যাকবলিত হয়েছে।উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম বলেন, যে ত্রাণ পাওয়া গেছে, তা একটি ইউনিয়নের জন্যও যথেষ্ট নয়। খাবারের জন্য মানুষ খুবই কষ্টে আছে।