‘অগ্নিচিকিৎসায়’ দগ্ধ সেই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় কবিরাজের ‘অগ্নিচিকিৎসায়’ দগ্ধ হওয়া আট বছরের শিশু গোলাম রব্বানী গতকাল মঙ্গলবার মারা গেছে। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। রব্বানীর নানি আমেনা বেগম মুঠোফোনে জানান, তিন দিন ধরে রব্বানীর অবস্থার অবনতি হচ্ছিল। গতকাল দুপুরের দিকে তার মৃত্যু হয়। লাশ দাফনের জন্য বাগমারার উদ্দেশে বিকেলে ঢাকা থেকে রওনা হয়।গত ২০ অক্টোবর ‘জিনের আছর’ ছাড়ানোর কথা বলে ‘অগ্নিচিকিৎসা’ দিয়ে উপজেলার সাদোপাড়া গ্রামের রব্বানীর শরীরের অংশবিশেষ পুড়িয়ে দেন দাউদপুর গ্রামের কথিত কবিরাজ আবদুল ওয়াহেদ। শিশুটিকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এক দিন পর তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। কিন্তু পরিবার অর্থাভাবে রব্বানীর চিকিৎসা করাতে পারছে না—এ খবর ছাপা হলে ২৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষ তার চিকিৎসার দায়িত্ব নেয়। রব্বানীকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছিল। এ ঘটনায় কবিরাজ আবদুল ওয়াহেদের বিরুদ্ধে ২২ অক্টোবর মামলা হয়। ২৬ অক্টোবর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশিদ জানান, রব্বানীর মারা যাওয়ার খবর তাঁরা পেয়েছেন। এ ব্যাপারে আলাদা কোনো মামলা করার দরকার নেই। আগের মামলাতেই হত্যার অভিযোগ যুক্ত করে অভিযোগপত্র দেওয়া হবে।