'অছাত্রদের' ছাত্রদল ব্যর্থ, পরিবর্তন চান খালেদা জিয়া
অছাত্রনেতাদের বাদ দিয়ে নিয়মিত ছাত্রদের ছাত্রদলের নেতৃত্বে আনতে চাইছে বিএনপি। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া গত সোমবার ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাদের সঙ্গে বৈঠকে তাঁর এই মনোভাবের কথা জানান।
বৈঠকসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, এ সময় খালেদা জিয়া ছাত্রদলের নেতাদের ‘অকৃতজ্ঞ’ ও ‘ব্যর্থ’ বলে ভর্ৎসনা করেন। তিনি এ-ও বলেন, আন্দোলনে ছাত্রনেতারা থাকবে আগে, তারপর অন্যরা। কিন্তু ছাত্রদলের অনেকে বিয়ে করে আরাম-আয়েশ করছে। তাদের পিছুটান তৈরি হয়েছে। তাদের কাছ থেকে দলের জন্য ‘সার্ভিস’ পাওয়া যাচ্ছে না।
তবে নিয়মিত ছাত্রদের নিয়ে কমিটি গঠনের বিষয়ে খালেদা জিয়ার এ মনোভাব কতটা কার্যকর করা সম্ভব হবে, তা নিয়ে বিএনপি ও এর ছাত্রসংগঠন ছাত্রদলের অনেক নেতাই সংশয় প্রকাশ করেছেন। তাঁরা মনে করেন, ছাত্রদলের রাজনীতিতে প্রভাব বিস্তার করেন, বিএনপির এমন নেতাদের কেউ কেউ চান না যে নিয়মিত ছাত্ররা নেতৃত্বে আসুক। কারণ, নিয়মিত ছাত্রদের দিয়ে কমিটি করা হলে ওই সব নেতার ‘নিজস্ব লোক’ না থাকার সম্ভাবনা বেশি। এসব হিসাব মেলাতে গিয়েই ছাত্রদলের এর আগের কমিটিগুলোতে অছাত্ররাই মূল নেতৃত্বে ওঠে এসেছিল।
দায়িত্বশীল একটি সূত্র জানায়, এ যাত্রায় কেন্দ্রীয় কমিটিতে পুরোপুরি সম্ভব না হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর হল কমিটিগুলো নিয়মিত ছাত্রদের দিয়ে গঠন করা হতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাদের সঙ্গে সোমবার রাতে প্রায় দুই ঘণ্টা খোলামেলা আলোচনা করেন খালেদা জিয়া। বৈঠকের একাধিক সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে, ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহতের আন্দোলনে ছাত্রদল যথাযথ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে বলে খালেদা জিয়া ক্ষোভ প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কমিটির একাধিক নেতা তাঁদের বক্তৃতায় ব্যর্থতার কথা মেনে নেন। তবে এর জন্য তাঁরা সংগঠনের শীর্ষ নেতৃত্ব নির্বাচনে ভুল হওয়া, নিজেদের মধ্যে কোন্দল এবং ছাত্রলীগ ও প্রশাসনের চাপকে কারণ হিসেবে উল্লেখ করেন।
সূত্রগুলো জানায়, বৈঠকের শুরুতে খালেদা জিয়া ছাত্রনেতাদের উদ্দেশে বলেন, ‘তোমরা যা বলবা, পরিষ্কার ও সত্য বলবা।’
এরপর একটি হল কমিটির একজন নেতা বক্তব্য দিতে দাঁড়ালে খালেদা জিয়া তাঁর পরিচয় জানতে চান।
ওই নেতা জানান, তিনি সন্ধ্যাকালীন এমবিএ পড়ছেন। কবে নিয়মিত মাস্টার্স শেষ হয়েছে—খালেদা জিয়া জানতে চাইলে ওই নেতা বলেন, ২০০৬ সালে।
২৯ ডিসেম্বর (ঢাকা অভিমুখে অভিযাত্রা কর্মসূচি প্রসঙ্গে) কোথায় ছিলে? খালেদা জিয়ার এ প্রশ্নের জবাবে ওই নেতা বলেন, প্রেসক্লাব এলাকায়।
খালেদা জিয়া প্রশ্ন করেন, প্রেসক্লাবে কেন? ক্যাম্পাসে শিক্ষকেরা লাঞ্ছিত হয়েছেন, তোমরা কোথায় ছিলে? আরও কয়েকজন ছাত্রনেতাকে একইভাবে নানা প্রশ্ন করেন তিনি।
ছাত্রদল ও বিএনপির সূত্র জানায়, গত ২৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের শিক্ষকেরা বিএনপির চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের সময় প্রকৃত ছাত্রদের নিয়ে ছাত্রদলের কমিটি করার পরামর্শ দিয়েছিলেন। শিক্ষকেরা যুক্তি দেখান, ছাত্রদলের এখন যাঁরা নেতৃত্বে আছেন, তাঁদের ছাত্রত্ব না থাকায় তাঁদের পক্ষ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে তাঁরা কথা বলতে পারেন না। নিয়মিত ছাত্ররা সংগঠনের নেতৃত্বে থাকলে তাঁদের হল ও ক্যাম্পাসে থাকা নিয়ে শিক্ষকেরাও জোরালো অবস্থান নিতে পারেন। নৈতিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও এর বিপক্ষে অবস্থান নেওয়ার সুযোগ থাকে না।
দলীয় সূত্র জানায়, শিক্ষকদের ওই বক্তব্য খালেদা জিয়া আমলে নিয়েছেন। এরপর কয়েকজন শিক্ষককে ছাত্রদলের নেতা-কর্মীদের বিষয়ে খোঁজখবর নেওয়ার দায়িত্ব দেওয়া হয়। ওই শিক্ষকদের সুপারিশেই বর্তমান কমিটির নেতাদের সঙ্গে বসেন খালেদা জিয়া। একই রাতে ছাত্রদলের সঙ্গে সংশ্লিষ্ট নিয়মিত ছাত্রদের একটি দলকেও আমন্ত্রণ জানানো হয় খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে। অছাত্রনেতাদের সঙ্গে বৈঠকের পর খালেদা জিয়া ওই ছাত্রদের সঙ্গে আলাদা বৈঠক করেন। গতকাল মঙ্গলবার রাতে আবার ওই ছাত্রদের একাংশকে ডেকে নেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের একজন শিক্ষকনেতা প্রথম আলোকে বলেন, বিএনপির চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতে তাঁরা বলেছিলেন, নিয়মিত ছাত্রদের দিয়ে ছাত্রদলের কমিটি করা হলে ভালো হয়। তবে কেন্দ্রীয় না বিশ্ববিদ্যালয় কমিটি, সুনির্দিষ্টভাবে তাঁরা কিছু বলেননি।
সোমবার রাতের ওই বৈঠকে খালেদা জিয়ার উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের একটি হল কমিটির নেতা তাঁর বক্তব্যে সংগঠনের শীর্ষ নেতৃত্ব নির্বাচনে ভুল ছিল বলে উল্লেখ করেন। তিনি বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে দেখিয়ে বলেন, ’৯৬-৯৭ সালে ছাত্রদলের মিছিলে গুলি করেছিল ছাত্রলীগ। খালেদা জিয়া শহীদ মিনারে যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ে যাঁরা কালো পতাকা দেখিয়েছিলেন, তাঁদেরই একজন এখন ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিনের ওপর যে হামলার পর বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদল বিতাড়িত হয়েছিল, সেই হামলাকারীদের মধ্যে থাকা একজন এখন সাধারণ সম্পাদক। ফলে তাঁরা দুজনই নৈতিকভাবে দুর্বল।
বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, একজন ছাত্রনেতা কমিটিতে টাকার বিনিময়ে পদ দেওয়ার অভিযোগ করেন। একপর্যায়ে খালেদা জিয়া জনতে চান, ‘তোমাদের এত বয়স, চাকরি করো না, ব্যবসা করো না, তোমরা চলো কীভাবে? তোমাদের পরিবার থেকে এখনো তোমাদের টাকা দেয়?’
খালেদা জিয়া ছাত্রদলের নেতাদের আরও বলেন, ‘ককটেল, বোমা ফাটানো—এসব তোমাদের কাজ না। তোমরা জাতীয় রাজনীতির সঙ্গে যুক্ত, ঠিক আছে। কিন্তু ছাত্রদের পাশে থাকবা। ক্লাস করবা। জগন্নাথে ছাত্রদের আন্দোলন হচ্ছে, সেখানে তোমরা নাই কেন?’
২৯ ডিসেম্বরের কর্মসূচি পালন করতে ছাত্রদলের জন্য আর্থিক সহায়তা পাঠানোর উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘তোমরা পারবে না তা জানাতে। নতুন কাউকে দায়িত্ব দেওয়া হতো। তাহলে বোঝা যেত তোমরা দলকে ভালোবাসো।’
এই পর্যায়ে একজন ছাত্রনেতা বলেন, এই প্রথম শুনলেন, ২৯ তারিখে ছাত্রদলের জন্য টাকা-পয়সা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা হয়তো পাই না, তবে কেউ না কেউ নিশ্চয় পায়। আমরা এতেই খুশি যে আপনি আমাদের খবর রাখেন।’
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে কমিটি এত সময় ধরে কেন দেওয়া হয়নি, বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জানতে চান খালেদা জিয়া। তাঁরা জানান, তাঁরা কমিটির তালিকা তৈরি করে কেন্দ্রে পাঠিয়েছিলেন। কিন্তু কেন্দ্র অনুমোদন দিচ্ছে না। বিষয়টি বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরীকে জানানো হয়েছিল কি না, জানতে চাইলে নেতারা হ্যাঁ-সূচক জবাব দেন। খালেদা জিয়া তাঁকে কেন সরাসরি জানানো হয়নি তা জানতে চান। নেতারা বলেন, তাঁরা এত দূর পৌঁছাতে পারেন না।
বৈঠকে খালেদা জিয়ার ক্ষোভ প্রকাশের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মাহিদুল হাসান প্রথম আলোকে বলেন, ছাত্রদলের কাছে বিএনপির চেয়ারপারসনের প্রত্যাশা ছিল। মাঠের বাস্তবতার কারণে ওনার প্রত্যাশা পূরণ করা যায়নি। বিএনপির প্রধান হিসেবে তিনি ক্ষোভ প্রকাশ করতেই পারেন। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, কেন্দ্রীয় ছাত্রদল, যুবদল, বিএনপি—প্রায় সবাই ব্যর্থ হয়েছে।
নতুন কমিটির বিষয়ে ছাত্রদলের এই নেতা বলেন, নিয়মিত ছাত্রদের দিয়ে নতুন কমিটি গঠনের বিষয়ে বিএনপির চেয়ারপারসন তাঁর মনোভাব ব্যক্ত করেছেন।
বিএনপি ও ছাত্রদলের একাধিক সূত্র জানায়, কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের বর্তমান কমিটি গঠনের আগেও নিয়মিত ছাত্রদের দিয়ে কমিটি করার বিষয়টি আলোচনায় এসেছিল। কিন্তু তখন যুক্তি দেখানো হয়েছিল, আন্দোলনের জন্য ‘অভিজ্ঞদের’ দরকার। ওই সময় প্রথম আলোর এ-সংক্রান্ত খবরের শিরোনাম ছিল ‘আক্রমণকারীরা অগ্রভাগে’। কিন্তু দলের প্রত্যাশামতো ভূমিকা রাখতে ব্যর্থ হওয়ায় এখন নিয়মিত ছাত্রদের দিয়ে ছাত্রদলের কমিটি করার চিন্তা চলছে।
জানতে চাইলে ছাত্রদলের বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক বলেন, নিয়মিত ছাত্রদের নিয়ে কেন্দ্রীয় কমিটি করার বিষয়ে দলের পক্ষ থেকে এখন পর্যন্ত স্পষ্ট বক্তব্য নেই। তিনি বলেন, ‘এটি ম্যাডামের (খালেদা জিয়া) ব্যাপার। উনি যেভাবে নির্দেশ দেবেন, আমরা সেভাবেই কাজ করব।’
দল গোছানোর অংশ হিসেবে ৬ ফেব্রুয়ারির সভায় ছাত্রদল পুনর্গঠনের সিদ্ধান্ত নেয় বিএনপির স্থায়ী কমিটি। সূত্র জানায়, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক কারাগারে থাকায় এখনই নতুন কেন্দ্রীয় কমিটি হচ্ছে না। তবে এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি করা হবে। বিশ্ববিদ্যালয় ও হল কমিটিগুলোতে নিয়মিত ছাত্রদের প্রাধান্য দেওয়া হবে।
ছাত্রদলের কমিটির বিষয়ে জানতে চাইলে শহীদ উদ্দীন চৌধুরী প্রথম আলোকে বলেন, বিএনপির চেয়ারপারসনের সঙ্গে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাদের সঙ্গে বৈঠকে নিয়মিত ছাত্রদের প্রাধান্য দিয়ে কমিটি করার বিষয়টি উঠে এসেছে। তিনি বলেন, দ্রুত একটি প্রক্রিয়া নির্ধারণ করা হবে, যাতে ছাত্ররা প্রাধান্য পায়।
অছাত্রদের দখলে ছাত্রদল: ছাত্রদল অছাত্রদের দখলে রয়েছে অনেক আগে থেকেই। নব্বইয়ের দশকের শেষ দিকে নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুকে সভাপতি ও সাহাবুদ্দিন লাল্টুকে সাধারণ সম্পাদক করে যে কমিটি হয়, তাতে অছাত্র-অনিয়মিতসহ বিবাহিতদের আধিপত্য বেড়ে যায়। এরপর তা অব্যাহত থাকে। সর্বশেষ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের কমিটি হয় ২০১২ সালের সেপ্টেম্বরে। তা-ও আংশিক। সাত মাস পর কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করা হলেও বিশ্ববিদ্যালয় কমিটি আগের আংশিকই রয়ে গেছে। এ দুই কমিটিতে নিয়মিত ছাত্রদের কেউ ঠাঁই পাননি। এঁদের অনেকের বয়স ৪০-এর ওপরে। বর্তমান ২৯১ সদস্যের কেন্দ্রীয় কমিটির শতাধিক নেতা বিবাহিত।