'অঞ্জলি লহ মোর' গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার শান্তিরঞ্জন ভৌমিকের লেখা অঞ্জলি লহ মোর গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। কবির জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন ওই গ্রন্থ প্রকাশ করে।
বইটিতে কবি নজরুলের জীবন ও সৃষ্টিকর্মের নানা দিক তুলে ধরা হয়। কুমিল্লা টাউন হল মাঠে ওই অনুষ্ঠান হয়। গত সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পর্যায়ের নজরুলজয়ন্তীর উদ্বোধন করেন।
এর আগে বিকেল পাঁচটায় কুমিল্লা জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাংসদ আলী আশরাফ। বিশেষ অতিথির বক্তব্য দেন নজরুল পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রুস্তম আলী, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইন্দুভূষণ ভৌমিক ও কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ নাজনীন রহমান।
অনুষ্ঠানে নজরুল স্মারক বক্তৃতা দেন নজরুল গবেষক শান্তিরঞ্জন ভৌমিক। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আজ বুধবার তিন দিনব্যাপী অনুষ্ঠান শেষ হবে।