'অটিস্টিক শিশুর আস্থা অর্জন জরুরি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটিজম বিশেষজ্ঞ ড. স্টিফেন শোর বলেছেন, অটিস্টিক শিশুর ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়ার আগে তার আস্থা ও বিশ্বাস অর্জন করা জরুরি। একজন অটিস্টিক শিশু সার্থক জীবন যাপন করবে এটা কোনো ব্যতিক্রমী ঘটনা নয় বরং সেটাই বাস্তবতা।

আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ‘ড. স্টিফেন-এর পথযাত্রা শিখন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে স্টিফেন শোর এ সব কথা বলেন। অটিজম নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। সভা আয়োজনে সহায়তা করে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট। অনুষ্ঠানে বেশ কয়েকজন অটিস্টিক শিশু তাদের মা-বাবার সঙ্গে উপস্থিত ছিল।

স্টিফেন শোর নিজে একজন অটিস্টিক। ১৮ মাস বয়সে তাঁর অটিজম ধরা পড়ে। যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নেওয়ার পর এখন তিনি অ্যাডেলফি বিশ্ববিদ্যালয়ের বিশেষ শিক্ষার সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি বলেন, প্রতিটি অটিস্টিক শিশুর বিশেষ কিছু করার শক্তি থাকে, আগ্রহ থাকে। একই সঙ্গে কিছু সমস্যা ও চ্যালেঞ্জ থাকে। শক্তিকে চিহ্নিত করা দরকার। চ্যালেঞ্জ মোকাবিলায় সেই শক্তির ব্যবহার কীভাবে করা যায় তাও খতিয়ে দেখা দরকার।

নিজের শৈশব, কৈশোর ও যৌবনের গল্প শোনান এই অটিজম বিশেষজ্ঞ। এখন থেকে প্রায় ৫৫ বছর আগে যখন স্টিফেন শোর-এর অস্বাভাবিকতা নিয়ে তাঁর বাবা-মা চিকিৎসকের কাছ যান, তখন চিকিৎসকেরা পরামর্শ দিয়েছিলেন স্টিফেনকে রাষ্ট্রের হাতে তুলে দিতে। মা-বাবা তা করেননি। নিজেরা ছেলেকে বোঝার চেষ্টা করেছিলেন। শিশু বয়সে ঘড়ির যন্ত্রাংশ আলাদা করা ও জুড়ে দেওয়া তাঁর প্রিয় ছিল। কিশোর বয়সে বাইসাইকেল মেরামত করা ছিল প্রিয় কাজ। যৌবনে প্রিয় হয়ে ওঠে সংগীত।

স্টিফেন শোর বলেন, অটিস্টিক শিশুদের অতিমাত্রায় মনোযোগী (হাইপারফোকাসিং) হওয়ার বৈশিষ্ট্য থাকে। সাধারণ মানুষ একটি ছবির পুরোটাই দেখে। অটিস্টিক শিশু ছবিটির একটি বিশেষ অংশ দেখে। এরপর তিনি পর্দায় একই ধরনের দুটি ছবি দিয়ে ছবির সূক্ষ্ম পার্থক্য চিহ্নিত করতে উপস্থিত সবার প্রতি আহ্বান জানান। অতি দ্রুততার সঙ্গে পার্থক্য প্রথম চিহ্নিত করে একটি অটিস্টিক শিশু।

এর আগে স্বাগত বক্তব্যে স্টিফেন শোর পরিচিতি তুলে ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সূচনা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বলেন, অটিস্টিক শিশুর প্রতি মনোযোগ দিতে হবে, তাকে নিরাপত্তা দিতে হবে, তাকে তার প্রয়োজনীয় শিক্ষা দিতে হবে।