সিএনজিচালিত অটোরিকশার মিটার লাগানো আছে। অথচ যাত্রীদের কাছ থেকে চালকেরা ইচ্ছেমতো ভাড়া নিচ্ছেন। তাঁরা কোনো নিয়মকানুন মানছেন না। অটোরিকশার মিটার কখনো ব্যবহার হবে বলে মনে হয় না—বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম কার্যালয়ে গতকাল বুধবার অনুষ্ঠিত গণশুনানিতে আক্ষেপ করে এসব কথা বলেন মো. নুরুল ইসলাম নামের এক ব্যক্তি।
সিএনজিচালিত অটোরিকশার একজন মালিক মিটারে গাড়ি না চালানোর জন্য চালকদের দায়ী করেন। তিনি বলেন, একটি মামলা হলে ১ হাজার ৪০০ টাকা জরিমানা দিতে হয়। চালকের ভুলের খেসারত মালিক কেন দেবেন? চালকের কেন শাস্তি হবে না?
একই বিষয়ে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব আবুল কালাম আজাদ বলেন, ‘শুনানিতে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু চট্টগ্রামে অটোরিকশা নিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে। অথচ মিটারে একটি অটোরিকশাও যেতে চায় না। চালকেরা নিজের ইচ্ছেমতো ভাড়া আদায় করে। এসব কোনো সভ্য দেশে ঘটে না। আমরা গণপরিবহনে শৃঙ্খলা চাই। মিটারে গাড়ি চালাতে বাধ্য করতে হবে।’
চট্টগ্রাম জেলা অটোরিকশা ও অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী রায়হান মিটারে অটোরিকশা চলে না এই অভিযোগ অস্বীকার করে বক্তব্য দিলে অনুষ্ঠানে উত্তেজনা সৃষ্টি হয়। তাঁর বক্তব্যের বিরোধিতা করেন দু-তিনজন অটোরিকশার মালিক। এই পর্যায়ে রায়হানকে থামিয়ে দেন বিআরটিএর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
এর আগে অটোরিকশার একজন মালিক অভিযোগ করেন, নিম্নমানের মিটার সংযোজন করায় অনেক অটোরিকশার মিটার নষ্ট হয়ে গেছে।
মো. নজরুল ইসলাম বলেন, সরকারের সিদ্ধান্ত মিটারে অটোরিকশা চালাতে হবে। এটাই শেষ কথা। কেউ সরকারের সিদ্ধান্ত অমান্য করলে ম্যাজিস্ট্রেট ও পুলিশ ব্যবস্থা নেবে।
গণশুনানিতে চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মো. সুজায়েত ইসলাম বলেন, মিটারে অটোরিকশা চালাতে বাধ্য করতে আবার নগরে অভিযান শুরু হবে। মিটার নষ্ট থাকলে সেই অটোরিকশা রাস্তায় নামানো যাবে না, মামলা হবে। এ ব্যাপারে কোনো ছাড় নেই।
এর আগে সূচনা বক্তব্যে মো. নজরুল ইসলাম বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এই গণশুনানির আয়োজন করা হয়েছে। কাজ করার সময় অনিচ্ছাকৃত ত্রুটি হয়ে থাকলে তা শোধরানো যায়। কিন্তু ইচ্ছাকৃত ত্রুটি হলে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়।
ইচ্ছাকৃত ত্রুটির পেছনে অন্য কারণও থাকে। এ ধরনের ত্রুটি কেউ করে থাকলে সরাসরি বিআরটিএকে জানাতে তিনি অনুরোধ করেন।
গণশুনানিতে চিকিৎসক সাইদুর রহমান ডিজিটাল নম্বর প্লেটের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, এই প্লেট লাগিয়ে কোনো সুবিধা পাওয়া যাচ্ছে কি না। হানিফা নাজিব নামের একজন সেবাগ্রহীতা গাড়ির ডিজিটাল প্লেটের ফি কমানো ও প্রক্রিয়া সহজ করার দাবি জানান।
মইনুল ইসলাম নামের আরেকজন সেবাগ্রহীতা বলেন, গাড়ির মালিকানা বদলের পদ্ধতি আরও সহজ করা দরকার, যাতে সাধারণ মানুষের ভোগান্তি না হয়।
শিশু-কিশোরদের গণপরিবহনে শ্রমিক হিসেবে ব্যবহারের চিত্র তুলে ধরে তা বন্ধের দাবি জানান মিঠুন বিশ্বাস নামের এক ব্যক্তি। তিনি বলেন, চট্টগ্রামে নিবন্ধনহীন ভটভটি ও নছিমনে ১২ থেকে ১৬-১৭ বছর বয়সী শিশু-কিশোরদের শ্রমিক হিসেবে ব্যবহার করা হচ্ছে।