'অতএব জাগ, জাগ গো ভগিনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেগম রোকেয়া
বেগম রোকেয়া

শত বছরের বেশি সময় আগে বেগম রোকেয়া লিখেছিলেন সুলতানার স্বপ্ন। সুলতানা স্বপ্ন দেখেন যে তিনি নারীস্থান ঘুরে বেড়াচ্ছেন। স্বপ্ন ভেঙে গেলে সুলতানা নিজেকে আরামকেদারায় আবিষ্কার করেন। সুলতানার দেখা নারীস্থানের নারীদের উদ্ভাবিত সূর্যতাপে রান্না করা, সার্চলাইটের ভয়ানক উত্তাপ দিয়ে শত্রুদের পরাজিত করা, বিদ্যুতের সাহায্যে বায়ুযান পরিচালনা করাসহ অনেক কিছুই তখন ছিল কল্পকাহিনি। তবে কল্পকাহিনির অনেক কিছুই বাস্তবে রূপ পেয়েছে।
অন্যদিকে সুলতানার দেখা ‘একুশ বৎসর বয়ঃক্রমের পূর্ব্বে কোন কন্যার বিবাহ হইতে পারিবে না’ এ ধরনের আইন হওয়াসহ অনেক স্বপ্ন এখনো সেই আরামকেদারাতেই উপবিষ্ট। ২০১৪ সালে এসে দেশের সরকার মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করা যায় কি না, তা নিয়ে আলোচনা করছে।
আজ মঙ্গলবার দেশে পালিত হচ্ছে বেগম রোকেয়া দিবস। ৯ ডিসেম্বর তাঁর জন্ম ও মৃত্যুদিবস। ১৮৮০ সালে জন্ম নেন তিনি। নারীশিক্ষা বিস্তারের অগ্রদূত বেগম রোকেয়া মারা যান ১৯৩২ সালের ৯ ডিসেম্বর। এই স্বল্প সময়ে বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেনের প্রকাশিত বা অপ্রকাশিত গ্রন্থের সংখ্যা খুব বেশি নেই। প্রকাশিত গ্রন্থ মাত্র পাঁচটি। এ ছাড়া সাখাওয়াৎ মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা এবং আনজুমানে-খাওয়াতীনে ইসলাম নামে সংগঠনের প্রতিষ্ঠা তাঁর উল্লেখযোগ্য কাজ।
শত বছর আগে রোকেয়া যে স্বপ্নগুলো দেখেছিলেন, তা কতটুকু বাস্তবায়িত হয়েছে—এ প্রশ্নের উত্তরে নারী আন্দোলনকর্মীরা বলছেন, শত বছরের পথ, অনেক দীর্ঘ পথ। এ দীর্ঘ সময়ে নারীর জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে। আবার বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন বা নারী-পুরুষের সম-অধিকারের মতো বিষয়গুলো এখনো বলতে গেলে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। নারীদের খানিকটা এগিয়ে আবার পিছিয়ে পড়তে হচ্ছে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ প্রথম আলোকে বলেন, ‘বেগম রোকেয়ার স্বপ্নের শতভাগ আমরা পূরণ করে ফেলেছি, তা বলা যাবে না। তবে তাঁর দেখানো স্বপ্নের পধ ধরেই আমরা এগিয়ে চলেছি। নারীরা এখন রাষ্ট্র পরিচালনাসহ বিভিন্ন দায়িত্ব পালন করছেন।’
বেগম রোকেয়া নারীদের সমাজের অর্ধ অঙ্গ হিসেবে আখ্যায়িত করেছিলেন। তবে নারীরা তা হয়ে উঠতে পারেননি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘ভায়োলেন্স এগেইনস্ট উইমেন (ভিএডব্লিউ) সার্ভে ২০১১’ শীর্ষক জরিপ বলছে, বিবাহিত নারীদের ৮৭ শতাংশই স্বামীর মাধ্যমে কোনো না কোনো সময়, কোনো না কোনো ধরনের নির্যাতনের শিকার।
বেগম রোকেয়া যৌতুকের বিরুদ্ধে কথা বলেছেন। অথচ ২০১১ সালে বিবিএসের জরিপ বলছে, এক-তৃতীয়াংশ নারীরই যৌতুকের বিনিময়ে বিয়ে হয়েছে।
শত বছর আগে বেগম রোকেয়া দেশের উন্নয়নের স্বার্থেই নারীদের পাশাপাশি পুরুষদের সচেতন হতে বলেছেন। তবে সমাজের পুরুষ শত বছর আগে নিজেদের যেভাবে দেখতে পছন্দ করতেন, এখনো তার বদল ঘটেনি।
নারীমুক্তি, মানব মুক্তিসহ নারীর প্রতি পরিবার, সমাজ ও রাষ্ট্রের দৃষ্টিভঙ্গির পরির্বতন ও নারীর অবদানের স্বীকৃতি দেওয়ার স্বপ্ন দেখেছিলেন বেগম রোকেয়া। সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা চলছে এখন পর্যন্ত।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, নারীর প্রতি মর্যাদা বাড়লে বিভিন্ন সহিংসতা কমবে। নারীর গৃহশ্রমকে এখনো মূল্যায়ন করা হয় না। মর্যাদা ও মূল্যায়ন নেই বলেই পিতৃতান্ত্রিক সমাজে নারী অনেক দূর গিয়ে আবার পিছিয়েও পড়ে।
বেগম রোকেয়া বলেছেন, ‘পুরুষগণ আমাদিগকে সুশিক্ষা হইতে পশ্চাৎপদ রাখিয়াছেন বলিয়া আমরা অকর্মণ্য হইয়া গিয়াছি।’ ‘স্ত্রীজাতির অবনতি’ শীর্ষক প্রবন্ধে বেগম রোকেয়ার আহ্বান ‘অতএব জাগ, জাগ গো ভগিনি’। নারীরা যাতে শুধু অলংকার বা সাজসজ্জা নিয়ে ব্যস্ত না থাকেন, সে আহ্বানও জানান বেগম রোকেয়া। তাঁর মতে, ‘শরীর শোভন অলঙ্কার ছাড়িয়া জ্ঞান-ভূষণ লাভের জন্য ললনাদের আগ্রহ বৃদ্ধি হওয়া বাঞ্ছনীয়।’
বেগম রোকেয়া নারীদের জেগে ওঠার জন্য যে ডাক দিয়েছিলেন, তা এখনো প্রাসঙ্গিক বলে মনে করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। তিনি বলেন, ‘১০০ বছরে নারীর জীবনে অনেক পরিবর্তন এসেছে। বলা যায়, আমরা একটা ধাপে এসে পৌঁছেছি। তবে বাল্যবিবাহের মতো সামাজিক অনেক প্রথা, রীতিনীতি নারীর পথকে রুদ্ধ করছে। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ায় নারী ও পুরুষের সম-অধিকারের বিষয়টি এখন পর্যন্ত স্পষ্ট হয়নি। সব ক্ষেত্রেই সম-অধিকার সমানভাবে হয়নি। তাই রোকেয়ার ডাক এখনো নিঃশেষিত হয়নি।’
বেগম রোকেয়া দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।