'অতি উৎসাহী হয়ে এই কাজগুলো করছেন'
মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় একের পর এক মামলার বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘আমরা জনৈক সম্পাদকের বিরুদ্ধে মামলার হিড়িক দেখেছি। এটি কিন্তু রাষ্ট্র কর্তৃক করা হয়নি। যা কিছু হয়েছে তা ব্যক্তিগত উদ্যোগে হয়েছে। আমরা মনে করতে পারি অতি উৎসাহী হয়ে কোনো কোনো ব্যক্তি এই কাজগুলো করছেন।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির আইন অনুষদের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিজানুর রহমান এসব কথা বলেন।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘আশ্চর্য লাগে, বিদেশি সংস্থা সরকারের উদ্দেশে বলেছে, মামলাগুলো প্রত্যাহার করে নিতে হবে। কিন্তু একজন ব্যক্তি যখন মামলা করেন, তা প্রত্যাহারের অধিকার রাষ্ট্র কিংবা সরকারের কখনো থাকে? থাকে না। ধরেই নেওয়া হচ্ছে এগুলো একজন ব্যক্তিকে দিয়ে অন্য কেউ এগুলো করিয়ে নিচ্ছে। কিন্তু এই ধারণাটিই অমূলক।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিজানুর রহমান পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘আপনারা একই ধরনের উৎসাহ লতিফ সিদ্দিকীর (সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী) ক্ষেত্রে কেন দেখালেন না। উনি তো একটি বক্তব্য দিয়েছিলেন। এই বক্তব্যে হয়তো কাউকে কাউকে আহত করেছে। তখন তো আমরা এ রকম আলাপ-আলোচনা দেখিনি। একজন ব্যক্তি মতামত ব্যক্ত করেছেন, এ জন্য কেন তাঁকে অপদস্থ করা হচ্ছে, কেন তাঁকে আটক করা হচ্ছে?’
ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের নাম উল্লেখ না করে মিজানুর রহমান বলেন, ‘উনি মতামতও ব্যক্ত করেননি। আজকে যেটা ভয়াবহ সেটি হচ্ছে কিছু অসত্য-বিকৃত তথ্য দেওয়া হয়েছে। অসত্য-বিকৃত তথ্য দিয়ে উনি ক্ষমা চেয়ে মহত্ত্বের পরিচয় দিয়েছেন। তাঁর প্রশংসা করি। ঠিক তেমনিভাবে অসত্য ও বিকৃত তথ্যের কারণে যারা নানাভাবে হয়রানির শিকার হয়েছেন, তাঁদের যে অভিযোগ, সে অভিযোগের প্রতিকার কী, তা ভেবে দেখা দরকার। আমার মনে হয়, এটি আইনের ওপর ছেড়ে দেওয়াটাই ভালো।’