শিক্ষকসংকটের কারণে নোয়াখালীর সাতটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান চলছে ‘অতিথি শিক্ষক’ দিয়ে৷
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার ১২টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১০টিতেই শিক্ষকসংকট রয়েছে। এর মধ্যে সাতটি বিদ্যালয়ে শিক্ষকসংকট খুবই তীব্র। সংকট কাটাতে এসব বিদ্যালয়ে অস্থায়ীভাবে অতিথি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে৷
সূত্র জানায়, বছর খানেক আগে শহরের একাধিক বিদ্যালয় থেকে শিক্ষকদের বদিল করে উপজেলা পর্যায়ে দেওয়া হলেও তাঁরা তদবির করে আগের কর্মস্থলে ফিরে যান। এতে উপজেলা পর্যায়ের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকসংকট আগের মতোই রয়ে গেছে৷
সংশ্লিষ্ট মাধ্যমিক বিদ্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষকের পদ ২৯টি৷ এর মধ্যে কর্মরত আছেন ১৩ জন শিক্ষক। এ বিদ্যালয়ে অতিথি শিক্ষক রাখা হয়েছে একজন। চাটখিল পিজি সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে শিক্ষকের ১৭টি পদের মধ্যে পাঁচটি শূন্য৷ অতিথি শিক্ষক আছেন চারজন। চাটখিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষকের ১২টি পদের মধ্যে কর্মরত আছেন পাঁচজন শিক্ষক। অতিথি শিক্ষক আছেন চারজন।
সেনবাগ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে শিক্ষকের পদ ২০টি৷ এর মধ্যে কর্মরত আছেন সাতজন শিক্ষক। অতিথি শিক্ষক আছেন তিনজন৷ সেনবাগ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষকের ১৬টি পদের মধ্যে অর্ধেকই শূন্য৷ এই বিদ্যালয়ে অতিথি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে তিনজন। হাতিয়ার ওছখালি কে এস এস সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষকের ১৫টি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র ছয়জন শিক্ষক। এখানে অতিথি শিক্ষকের সংখ্যা তিনজন। হাতিয়া শহর বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষকের পদ ২৬টি৷ এর মধ্যে ২১টি পদই শূন্য৷ অতিথি শিক্ষক আছেন দুজন।
এ প্রসঙ্গে সরকারি হাতিয়া শহর বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিলাল সাহা প্রথম আলোকে বলেন, ‘আমাদের এখানে বাইরের কোনো শিক্ষকই বদিল হয়ে আসতে চান না। তাই শিক্ষকের চরম সংকট চলছে।’
সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকটের কথা স্বীকার করে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল হক বলেন, এ নিয়ে নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো ছাড়া তাঁর দপ্তরের কিছুই করার নেই।
এক প্রশ্নের জবাবে জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক নিয়োগ না হওয়ার কারণেই এ সংকটের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সরকারি বিদ্যালয়গুলো অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া শিক্ষকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।