'অতিথিশালা'য় ১৩ মাস
বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের শীতাতপনিয়ন্ত্রিত ‘অতিথিশালা’য় ১৩ মাস ধরে এক কর্মকর্তা বিনা ভাড়ায় বসবাস করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই কর্মকর্তার বিরুদ্ধে বিধিমালা লঙ্ঘন করে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে অধিদপ্তরের তৃতীয় শ্রেণির কর্মচারীদের ‘রিসোর্স পারসন’ দেখিয়ে মোটা অঙ্কের ভাতা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে। এসব অনিয়ম-দুর্নীতির বিষয়ে অধিদপ্তরের কয়েকজন কর্মচারী বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক যুব উন্নয়ন অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের একাধিক কর্মকর্তা ও কর্মচারী অভিযোগ করেন, বিরাজ চন্দ্র সরকার অধিদপ্তরের উপপরিচালক হিসেবে ২০১৩ সালের ২৫ এপ্রিল যোগদান করেন। এর পর থেকে তিনি অধিদপ্তরের দুটি অতিথিশালার একটিতে বিনা ভাড়ায় বসবাস করছেন। ঢাকা থেকে পরিবার বা আত্মীয়স্বজন এলে তিনি দুটি অতিথিশালা ব্যবহার করেন। তাঁরা আরও অভিযোগ করেন, বিরাজ চন্দ্র সরকার বিধি লঙ্ঘন করে আঞ্চলিক যুব প্রশিক্ষণকেন্দ্রের নেটওয়ার্কিং প্রশিক্ষণ প্রকল্পে কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী সুমন চন্দ্র দাসকে রিসোর্স পারসন নিয়োগ দেখিয়ে প্রতিটি ব্যাচেই অস্বাভাবিক ক্লাস দেখিয়ে মোটা অঙ্কের ভাতা হাতিয়ে নিয়েছেন। সম্প্রতি এক মাসের প্রশিক্ষণ কোর্সে ওই অফিস সহকারীকে ২২টি ক্লাসে রিসোর্স পারসন দেখিয়ে ভাতা তুলে নেওয়া হয়েছে। এদিকে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে বিধি লঙ্ঘন করে নিবেদিতা নামের এক তৃতীয় শ্রেণির কর্মচারীকে রিসোর্স পারসন দেখিয়ে ১২০টি ক্লাসের ভাতা বাবদ ৬৬ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। পরে এসব অনিয়ম-দুর্নীতির বিষয়ে অধিদপ্তরের কয়েকজন কর্মচারী যুব ও ক্রীড়ামন্ত্রী, সচিবসহ বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ রয়েছে, তৃতীয় শ্রেণির কর্মচারীকে এত বেশি ক্লাসে রিসোর্স পারসন নিয়োগ দেখানো হলেও কম্পিউটার প্রশিক্ষক সুলতান মাহমুদকে মাত্র ২০টি ক্লাসে রিসোর্স পারসন হিসেবে ক্লাস নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। রিসোর্স পারসন হিসেবে এতগুলো ক্লাস নিয়েছেন কি না, নিয়ে থাকলে কত টাকার প্রশিক্ষণ ভাতা বুঝে পেয়েছেন জানতে চাইলে দিবেদিতা কোনো সদুত্তর দিতে পারেননি।
বিরাজ চন্দ্র সরকার দাবি করেন, কর্মচারীকে রিসোর্স পারসন নিয়োগদানে কোনো বিধিনিষেধ নেই। দক্ষ কর্মচারী হলে তাঁকে প্রশিক্ষক নিয়োগ দেওয়া যায়। অবশ্য কর্মচারীকে রিসোর্স পারসন নিয়োগ দেওয়ার পক্ষে বিধিমালা দেখতে চাইলেও তিনি তা দেখাতে পারেননি। অতিথিশালা ব্যবহারের বিষয়ে বিরাজ চন্দ্র সরকার বলেন, ‘আমার পরিবার ঢাকায় থাকেন৷ আমি বগুড়ায় একা থাকি। অধিদপ্তরের অতিথিশালা প্রায় সারা বছর খালি পড়েই থাকে । এ জন্য কাজের সুবিধার্থে সেখানে থাকি। অতিথিশালায় থাকলেও নির্ধারিত ভাড়া পরিশোধ করি।’