'অতিথি' নেতাকে প্রার্থী চায় না তৃণমূল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
noname
noname

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে গত উপনির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে মনোনয়ন দেওয়া হয়। জাতীয় নির্বাচনে নোয়াখালী-৫ আসনে পরাজিত এই নেতা এখান থেকে সাংসদ হলেও এলাকায় তেমন আসেননি। একইভাবে জাতীয় নির্বাচনে পঞ্চগড়-১ আসনে পরাজিত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে জয়ী হন। তিনিও নির্বাচিত হওয়ার পর নির্বাচনী এলাকায় তেমন যাননি।
স্থানীয় বিএনপিতে ‘জিয়া পরিবারের আসন’ হিসেবে পরিচিত এই দুটি আসনে গত জাতীয় নির্বাচনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জয়ী হন। এই দুই প্রবীণ নেতার জন্য তিনি দুটি আসন ছেড়ে দেন। তবে এই ‘অতিথি সাংসদদের’ আর দেখতে চান না তৃণমূল বিএনপির অনেকেই। ‘অতিথি’ নেতাকে এবার মনোনয়ন দেওয়া হলে দলে বিদ্রোহ দেখা দিতে পারে বলেও মনে করছেন কেউ কেউ। তাই আগামী নির্বাচনে এই দুই আসনে দলীয় মনোনয়ন কে পাচ্ছেন, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।
স্থানীয় বিএনপির কেউ কেউ মনে করেন, বরাবরের মতো এবারও এই দুটি আসনে জিয়া পরিবারের ঘনিষ্ঠ কেউ প্রার্থী হতে পারেন। আবার কেউ কেউ মনে করেন, পরিবেশ অনুকূলে থাকলে তারেক রহমান নিজেই এবার বগুড়া-৭ আসনে প্রার্থী হতে পারেন। তিনি দেশে আসতে না পারলে তাঁর স্ত্রী জোবাইদা রহমান একটি আসনে প্রার্থী হতে পারেন। আবার দুটি আসনে খালেদা জিয়া প্রার্থী হতে পারেন—এমন আভাসও দিয়েছেন দলের কেউ কেউ।
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, বগুড়া-৬ ও ৭ জিয়া পরিবারের আসন। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে গত উপনির্বাচনে দলের অভিজ্ঞ ও জ্যেষ্ঠ দুই নেতাকে এখান থেকে সাংসদ করা হয়েছিল। বরাবরের মতো এবারও জিয়া পরিবার যাঁকে ভালো মনে করবে, তিনিই দলের মনোনয়ন পাবেন। কাজেই তারেক রহমান নাকি চেয়ারপারসন নিজেই এই দুই আসনে প্রার্থী হবেন, সেটা সময়ই বলে দেবে।
বিগত কয়েকটি নির্বাচনের তথ্য ঘেঁটে দেখা গেছে, ১৯৯১ সাল থেকে বগুড়া-৭ ও ১৯৯৬ সাল থেকে বগুড়া-৬ আসনে খালেদা জিয়া নির্বাচন করেন। প্রতিটি নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হন। সর্বশেষ ২০০৮ সালে বগুড়া-৬ আসনে এক লাখ ৯৩ হাজার ৭৯২ ভোট পেয়ে তিনি মহাজোটের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনকে হারান। ওই নির্বাচনে তিনি ৭১ শতাংশ এবং মমতাজ ১৯ শতাংশ ভোট পান। ওই নির্বাচনে বগুড়া-৭ আসনে দুই লাখ ৩২ হাজার ৭৬১ ভোট পেয়ে সাংসদ হন খালেদা জিয়া। এ আসনেও তিনি ৭১ শতাংশ ভোট পান। শুধু ১৯৯১ সালে বগুড়া-৬ আসনে দলীয় মনোনয়ন পেয়ে সাংসদ হন সাবেক প্রতিমন্ত্রী মুজিবর রহমান।
২০০৮ সালে দুই আসনে জয়ী হওয়ার পর খালেদা জিয়া দুটিই ছেড়ে দেন। এই আসন থেকে জমির উদ্দিন ও মওদুদ আহমদ উপনির্বাচনে পর এলাকায় খুব একটা আসেননি। এ কারণে দুজনই এলাকায় ‘অতিথি সাংসদ’ হিসেবে পরিচিতি পান। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মভিটা গাবতলী থেকে সাংসদ হয়েও তাঁর সম্পর্কে ‘বেফাঁস’ কথা বলায় মওদুদ আহমদের ওপর ক্ষুব্ধ হন যুবদলের নেতা-কর্মীরা। তাঁরা ২০১২ সালের ৪ জানুয়ারি মওদুদের কুশপুত্তলিকা দাহ করে তাঁকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন। সর্বশেষ ২০১৩ সালের গোড়ার দিকে জিয়াউর রহমানের এক নিকটাত্মীয়ের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে একবার বগুড়ায় এসেছিলেন তিনি। একই অবস্থা আরেক ‘অতিথি সাংসদ’ জমির উদ্দিনের। ঢাকা-পঞ্চগড়ের মধ্যে যাতায়াতের সময় কালেভাদ্রে বগুড়ায় দেখা যায়। তখন দলীয় কিছু কর্মসূচিতে অংশ নেন।
জেলা বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানায়, দেশে ফেরার মতো পরিস্থিতি তৈরি হলে তারেক রহমান বগুড়া-৭ আসনে প্রার্থী হবেন। তিনি না আসতে পারলে তাঁর স্ত্রী এ আসনে প্রার্থী হতে পারেন। আর বগুড়া-৬ আসনে খালেদা জিয়া প্রার্থী হতে পারেন। তবে এই দুই আসনে মনোনয়নের জন্য লবিং করছেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদারসহ জিয়া পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয়।
বগুড়া জেলা বিএনপির সদস্য সরকার বাদল বলেন, ‘জিয়া পরিবারের প্রকৃত সদস্য কারা, সেটা আগে পরিষ্কার করা দরকার। জিয়া পরিবার বলতে নেতা-কর্মীরা খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমানকে চেনেন। এই দুই আসনে তিনজন ছাড়া অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে তা চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত হবে।’
গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোর্শেদ বলেন, ‘জিয়া পরিবারের আসনে কাকে মনোনয়ন দেওয়া হবে, সেই সিদ্ধান্ত জিয়া পরিবারই নেবে। তবে আমরা চাই, অতিথি কোনো নেতাকে যেন আর মনোনয়ন দেওয়া না হয়।’
গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহেদুল ইসলাম বলেন, ‘এই দুই আসনে জিয়া পরিবারের সদস্যকে সাংসদ হিসাবে চাই।’ জেলার সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম বলেন, তারেক রহমান প্রার্থী হবেন কি না, সেটা জানানোর সময় এখনো আসেনি। বাইরের কোনো নেতাকে ভবিষ্যতে আর মনোনয়ন দেওয়ার প্রয়োজনও হবে না।