'অতো পানি জীবনেও দেখছি না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মাদারীপুরের কালকিনি উপজেলার দুটি ইউনিয়নের পাঁচটি গ্রামে কৃষকদের মধ্যে গতকাল সার ও সবজির বীজ বিতরণ করা হয় l ছবি: প্রথম আলো
বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মাদারীপুরের কালকিনি উপজেলার দুটি ইউনিয়নের পাঁচটি গ্রামে কৃষকদের মধ্যে গতকাল সার ও সবজির বীজ বিতরণ করা হয় l ছবি: প্রথম আলো

ত্রাণ পেয়ে জুড়ীর হাওরপারের শাহপুর গ্রামের বাসিন্দা সুকৃতি রানী বিশ্বাস বললেন, ছয় মাস ধরে পানির মধ্যে আছি। জীবনে এত পানি দেখি নাই। আপনারা যে ত্রাণ দিলেন, এটা মনে থাকবে।

বগুড়ার ধুনটে বাঁধে আশ্রিত বৈশাখী চরের বৃদ্ধা গেন্দি বেওয়া শাড়ি পেয়ে বলেন, ‘পেট বাঁচলেও পরনের কাপড় কেউ দেয় না। দেখেন না কী ছেঁড়া কাপড় পরে আপনাদের কাছে নতুন কাপড়ের জন্য আসছি।’

 প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন পড়ে গতকাল রোববার গাইবান্ধার কৃষক আমির উদ্দিনকে দুটি ছাগল কিনে দিয়েছেন গাইবান্ধা বন্ধুসভার সদস্যরা।

গতকাল দেশের বিভিন্ন স্থানে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বন্ধুসভার ব্যবস্থাপনায় বন্যার্ত মানুষের মধ্যে ধানের চারা, সবজিবীজ, শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

 জুড়ী (মৌলভীবাজার)

প্রকৃতিক দুর্যোগের মধ্যেই মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নৌকায় করে হাওরপারের বন্যাদুর্গত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ৩০০ লোকের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। প্রতি পরিবারের জন্য ছিল ৩ কেজি চাল, ২ কেজি আলু ও ২ প্যাকেট করে খাওয়ার স্যালাইন।

ত্রাণ পেয়ে শাহপুর গ্রামের বাসিন্দা সুকৃতি রানী বিশ্বাস (৬৫) বললেন, ‘অতো পানি জীবনেও দেখছি না। ছয় মাস ধরি পানির মাঝো আছি। বাড়িঘরর অবস্থা নাই। তোমরা যে রিলিফ দিছো ইটা মনো থাকব।’

এ কার্যক্রমে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায়চৌধুরী, উপজেলা হাওর রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি ইমরুল ইসলাম, সম্ভাবনার বেলাগাঁও যুব কল্যাণ পরিষদের সভাপতি আফজল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 ধুনট (বগুড়া)

গতকাল বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি বাজার এলাকায় যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রিত ২১০টি দুস্থ পরিবারের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

বাঁধে আশ্রিত বৈশাখী চরের বৃদ্ধা গেন্দি বেওয়া শাড়ি পেয়ে বলেন, ‘আমরা বানভাসা মানুষ। বানের হমায় চায়া ছিন্তা আইনা কোন রহমে প্যাটটা বাছানো গ্যাছে। পেন্দার লাইগা কাপড় তো কেউ দেয় না। এই দেহেননা কি ছেঁড়া কাপড় ফিন্দা আপনেগরে কাছে এ্যাল্লা নতুন কাপড়রের লাইগা আচ্ছি।’

বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ধুনট থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম, সমাজসেবক লিয়াকত আলী, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রমখ।

 গাইবান্ধা

গতকাল প্রথম আলোর শেষ পাতায় ‘ধান বেচে ছাগল কিনব’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি পড়ে সেই কৃষক আমির উদ্দিনকে গতকাল দুটি ছাগল কিনে দিয়েছেন গাইবান্ধা প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। উল্লেখ্য, কৃষক আমির উদ্দিন তাঁর দুটি ছাগল বেচে ধানের আবাদ করেছিলেন। বন্যায় সে ধান নষ্ট হয়ে যায়। গত শনিবার প্রথম আলো ট্রাস্টের দেওয়া ধানের চারা পেয়ে তিনি বলেছিলেন, ‘ধান বেচে আবার ছাগল কিনব।’

ওই কৃষকের হাতে ছাগল তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর হাইস্কুল ও কলেজের শিক্ষক স্বপন কুমার সরকার, গাইবান্ধা বন্ধুসভার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক শাহজাহান মিয়া, অর্থ সম্পাদক আবদুর রব, সদস্য আসাদ মামুন, লক্ষ্মীপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা উৎপল রায়, প্রথম আলোর প্রতিনিধি শাহাবুল শাহীন প্রমুখ।

ছাগল পেয়ে কৃষক আমির উদ্দিন বললেন, ‘ধান বেচে ছাগল কিনব্যার চাচিলাম। ধান বেচলে খাবার ধান কম পড়ত। কালকে (শনিবার) তোমরা ধানের চারা দিলেন, আচকে তোমরা ছাগল দুটে দিলেন।’ তিনি হেসে হেসে বললেন, ‘চারা থাকি ধান হবি, ছাগল থাকি ছাগল হবি। হামার আর কষ্ট থাকপ্যার নোয়ায়।’

 মাদারীপুর

গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত কালকিনি উপজেলার শিকারমঙ্গল ও পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মোট পাঁচটি গ্রামে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৫০ জন কৃষকের হাতে সার ও শাকসবজির বীজ তুলে দেওয়া হয়। প্রত্যেক কৃষককে দেওয়া হয় ৩০ কেজি সার ও উচ্চ ফলনশীল লাউ, শিম, বেগুন, পালং ও লালশাকের বীজ। বিতরণের আগে সার ও বীজ লাগানোবিষয়ক প্রশিক্ষণ দেন কালকিনি উপজেলার কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী ও তাঁর তিন সহযোগী।

এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভা মাদারীপুরের উপদেষ্টা জহিরুল ইসলাম খান, সভাপতি কুমার লাভলু প্রমুখ।

 নওগাঁ

নওগাঁ সদর উপজেলায় গতকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ করা হয়েছে। উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের লস্করপুর ও গাংজোয়ার গ্রামের ২০ জন কৃষককে আমন ধানের চারা দেওয়া হয়।

এই চারা দিয়ে প্রত্যেক কৃষক ১ বিঘা জমিতে ধান আবাদ করতে পারবেন।

ধানের চারা পেয়ে লস্করপুর গ্রামের কৃষক মজনু মোল্লা বলেন, ‘বন্যার পানিতে হামার তিন বিঘা জমির ধান সব নষ্ট হয়ে গেছে। চারার যে আকাল, টাকা দিয়েও মেলছে না। পানি ন্যামে যাওয়ার পর চারা কিনে মাত্র ১০ কাঠা জমিত লাগাতে পারছি। এখন এই ২০ গন্ডা চারা দিয়ে আরও একবিঘা জমিত ধান আবাদ করতে পারমু।’

চারা বিতরণকালে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা খালেকুজ্জামান আনছারী, স্থানীয় সমাজকর্মী মোজাফফর হোসেন ও শাহিনুর ইসলাম, নওগাঁ বন্ধুসভার উপদেষ্টা এ বি এম রফিকুল ইসলাম, সভাপতি তসলিমা ফেরদৌস প্রমুখ।

 নেত্রকোনা

গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত নেত্রকোনার চারটি উপজেলার নয়টি গ্রামে ১৯৫ জন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বীজ বিতরণ করা হয়েছে। গ্রামগুলো হলো নেত্রকোনা সদরের কুমড়ি, আমলী, পূর্বধলার বাঘবেড়, সিজকান্দি, কলমাকান্দার পাবই, হিরাকান্দা ও সিধলী। দুর্গাপুরের গাভিনা ও উতরাইল। উচ্চ ফলনশীল (হাইব্রিড) ও দেশীয় প্রায় সাত মণ বীজ বিতরণ করা হয়। এর মধ্যে তিন মণ সরিষার বীজ, দেড় মণ মাষকালাই বীজসহ ২৫ গ্রাম থেকে শুরু করে আধা কেজি পর্যন্ত প্যকেটজাত লালশাক, ডাঁটা, শিম, টমেটো, বেগুন, পুঁইশাক, কলমিশাক, লাউ, মিষ্টিকুমড়া, বরবটি, ঢ্যাঁড়শ, পেঁপে, মুলা, গাজরসহ বিভিন্ন প্রজাতির সবজির বীজ রয়েছে।

ত্রাণ বিতরণকাজে সহযোগিতা করেন দুর্গাপুরের জলসিঁড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকার, শিক্ষক ওবায়দুল হক, আমলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল সালাম, ইউনিয়ন পরিষদের সদস্য জজ মিয়া, প্রথম আলো বন্ধুসভার জেলা কমিটির উপদেষ্টা সাইফুল্লাহ এমরান প্রমুখ।

[প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পঠানো খবর]

 বন্যা ত্রাণ তহবিল

গতকাল যাঁরা সহায়তা করেছেন

কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, হিসাব বিভাগ, তিতাস গ্যাস ১৩ হাজার এবং সরাসরি ব্যাংকে জমা ৫ হাজার টাকা।

 l গতকাল মোট জমা

১৮ হাজার টাকা

এ পর্যন্ত মোট জমা

৬৭,৮২,১৬৯ টাকা

l ২২ জুলাই থেকে গতকাল পর্যন্ত মোট বিতরণ

৭০,১৬,৭৩৩ টাকার ত্রাণ

 তহবিলে অর্থ সহায়তার জন্য

প্রথম আলো ট্রাস্ট: ত্রাণ তহবিল

হিসাব নম্বর ২০৭-২০০-১১১৯৪

ঢাকা ব্যাংক লিমিটেড

কারওয়ান বাজার শাখা।