'অত্যধিক' বরাদ্দ চাহিদার ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয় চলতি অর্থবছরে (২০১৪-১৫) বিভিন্ন খাতে ‘অত্যধিক’ বরাদ্দ চাওয়ার ব্যাখ্যা চেয়েছে আইন মন্ত্রণালয়। গত মঙ্গলবার রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কাছে মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
রাষ্ট্রপক্ষের সূত্র জানায়, চলতি বছর কার্যালয়ের ব্যয় নির্বাহের জন্য পাঁচ কোটি ৭১ হাজার ৮৫২ টাকা বরাদ্দ চেয়েছে রাষ্ট্রপক্ষ। এর মধ্যে ঝুঁকি ভাতা খাতে দেড় কোটি টাকা, ভ্রমণ ভাতা খাতে ২৫ লাখ, পেট্রল ও লুব্রিকেন্ট খাতে ৪০ লাখ, বইপত্র ও সাময়িকী খাতে ১০ লাখ, মোটরযান খাতে ১২ লাখ, কম্পিউটার-অফিস সরঞ্জাম খাতে দুই লাখ, মোটরযান ক্রয় খাতে ৭২ লাখ, কম্পিউটার ও যন্ত্রাংশ খাতে তিন লাখ, অফিস সরঞ্জাম খাতে পাঁচ লাখ, আসবাব খাতে পাঁচ লাখ এবং অন্যান্য ব্যয় খাতে ১০ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।
আইন মন্ত্রণালয়ের বাজেট ও উন্নয়ন শাখা এই বরাদ্দ চাহিদার পরিপ্রেক্ষিতে দেওয়া চিঠিতে বলেছে, এসব খাতে চাওয়া অর্থের পরিমাণ আপাতদৃষ্টে বেশি বলে মনে হয়। এ জন্য ঝুঁকি ভাতা খাতে দেড় কোটি টাকা কেন প্রয়োজন, তার ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়। এ ছাড়া ভ্রমণ ভাতা খাতে চাওয়া বরাদ্দের বিপরীতে যৌক্তিক কারণে দেশে ও বিদেশে ভ্রমণের অগ্রিম তালিকা, পেট্রল ও লুব্রিকেন্ট খাতে বরাদ্দকৃত গাড়ি অনুযায়ী সরকারি বিধি মোতাবেক প্রাপ্যতা, বইপত্র ও সাময়িকী খাতে বরাদ্দ বাড়ানোর কারণ, নতুন মোটরযান এবং কম্পিউটার ও অফিস সরঞ্জাম কেনার পরও ওই সব খাতে অত্যধিক বরাদ্দ চাওয়ার যৌক্তিকতা এবং নতুন দুটি মাইক্রোবাস কেনার প্রয়োজনীতা জানতে চেয়েছে মন্ত্রণালয়। রাষ্ট্রপক্ষ প্রতিটি খাতে যে পরিমাণ অর্থের চাহিদা দেখিয়েছে, প্রতিটি খাতে অর্থের প্রয়োজনীয়তার আলাদা করে ব্যাখ্যা দিতে হবে।