'অত্যাচারী' আখ্যা দিয়ে বর্বর নির্যাতন
পটুয়াখালীর বাউফলে শুধাংশু কবিরাজ (৪৫) নামে এক ব্যক্তিকে ‘অত্যাচারী’ আখ্যা দিয়ে বর্বর নির্যাতন চালিয়েছে এলাকার লোকজন। এ সময় তাঁর দুই চোখ উৎপাটনের চেষ্টা করে অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া হয়। এলাকাবাসী পিটিয়ে তাঁর বাঁ পা ভেঙে দিয়েছে।
গুরুতর আহত অবস্থায় তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামে গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর দাবি, শুধাংশু একজন অত্যাচারী। তাঁর যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ। এর প্রতিবাদেই তাঁরা এ ঘটনা ঘটিয়েছেন।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের বাউফল উপজেলার সভাপতি লুৎফর রহমান বলেন, একজন লোক সন্ত্রাসী বা অত্যাচারী হলেও এলাকার লোকজন অ্যাসিড দিয়ে চোখ ঝলসে দিতে পারে না। তারা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করতে পারত।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুধাংশু বিভিন্ন অনৈতিক সুবিধার দাবিতে দীর্ঘদিন ধরে এলাকার লোকজনকে অত্যাচার করে আসছিলেন। তাঁর অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্ত্রী মিনতি রানীও অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
গতকাল বুধবার ভোর ছয়টার দিকে শুধাংশু তাঁর চাচা বঙ্কিম কবিরাজকে (৪৫) কুপিয়ে জখম করেন। চিৎকার শুনে আশপাশের ব্যক্তিরা এসে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে স্থানীয়রা এক হয়ে শুধাংশুকে আটক করে পিটুনি দিয়ে দুই চোখ রড দিয়ে খুঁচিয়ে উৎপাটনের চেষ্টা চালান। এ সময় অ্যাসিড ঢেলে তাঁর চোখ ঝলসে দেওয়া হয়। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শুধাংশু কবিরাজ প্রথম আলোকে বলেন, তাঁর স্ত্রী রাজাপুর উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর সঙ্গে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামরঞ্জন কবিরাজের পরকীয়া চলছে। এতে বাধা দেওয়ার কারণে গতকাল সকালে পরিকল্পিতভাবে রামরঞ্জন কবিরাজ তাঁর ১০-১২ জন সহযোগী নিয়ে তাঁকে পিটিয়ে বাঁ পা ভেঙে দেওয়া হয়েছে। একপর্যায়ে লোহার রড দিয়ে খুঁচিয়ে দিয়ে তাঁর দুই চোখ উৎপাটনের চেষ্টা করে অ্যাসিড ঢেলে দেওয়া হয়।
তবে রামরঞ্জন কবিরাজ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগ অস্বীকার করে মিনতি রানী প্রথম আলোকে বলেন, স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে দেড় বছর তিনি মামার বাড়িতে থেকেছেন। শুধাংশু একজন সন্ত্রাসী প্রকৃতির লোক। তিনি এলাকার কাউকেই মান্য করেন না। এলাকার মানুষ তাঁর অত্যাচারে অতিষ্ঠ।
কালিশুরী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এ টি এম আনিসউল ইসলাম বলেন, অতিষ্ঠ হয়ে এলাকাবাসী এ ঘটনা ঘটিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মাহাবুবুর রহমান বিশ্বাস বলেন, আহত ব্যক্তির এক পা ভেঙে গেছে। চোখে আঘাত করা এবং অ্যাসিড দেওয়ার কারণে দুই চোখই নষ্ট হয়ে যেতে পারে।
এ বিষয়েজানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার প্রথম আলোকে বলেন, এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা জানা যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শুধাংশুর বিরুদ্ধে বাউফল থানায় একাধিক মামলা রয়েছে।