‘অদক্ষ সংগঠন, একতা নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ বছর ধরে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন হয় না। এতে গুটিকয়েক নেতার হাতে দলের নেতৃত্ব বন্দী হয়ে আছে। নতুন নেতৃত্বও সৃষ্টি হচ্ছে না। ফলে দলীয় কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। সংগঠনের কার্যালয় নিয়েও আছে পরস্পরবিরোধী বক্তব্য।জানা গেছে, ১৯৯২ সালের নভেম্বরে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রথম সম্মেলন হয়। এতে সভাপতি পদে আলী আশরাফ, সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম সরকার নির্বাচিত হন। ১৯৯৭ সালে দ্বিবার্ষিক সম্মেলনে তাঁরা ওই পদেই বহাল থাকেন। পরে আলী আশরাফ কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ সম্পাদক হওয়ায় তিনি দায়িত্ব ছেড়ে দেন। তাঁর স্থলে দলের প্রথম সহসভাপতি আবদুল আউয়াল সরকার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। এদিকে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে সংসদ নির্বাচন করে পরাজিত হন। তিনি ১৮ বছর ধরে দলের সাধারণ সম্পাদকের পদে আছেন। এদিকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কোনো কার্যালয় নেই। চান্দিনা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টিকে জেলা কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে দলের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন মাহমুদ বলেন, ‘১৯৯৬ সাল থেকে চান্দিনায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় রয়েছে। সেখানে চান্দিনা উপজেলা আওয়ামী লীগ বসে।’ একই মত দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। তবে দলের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আউয়াল সরকার বলেন, ‘দলের কোনো কার্যালয় নেই। মাঝেমধ্যে চান্দিনা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বসে কথা হয়।’ উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন মাহমুদ বলেন, ‘কমিটি গঠনের জন্য দফায় দফায় কেন্দ্রীয় আওয়ামী লীগকে জানিয়েছি আমরা। কিন্তু গত ২০ মাসে সম্মেলন করার জন্য বারবার তাগাদা দিলেও কোনো ফল হয়নি।’গত ২২ এপ্রিল কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হয় কুমিল্লা শহরে। ওই সভায় ক্ষুব্ধ নেতা-কর্মীরা বলেন, ১৩ বছর ধরে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কমিটি হচ্ছে না। এটি একটি অকার্যকর কমিটি। নবম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় অন্তর্কোন্দলের কারণে দুটি আসন পায়নি আওয়ামী লীগ। এসব ক্ষোভ আর নানা প্রশ্নের মধ্য দিয়ে ওই দিন শহরের শিল্পকলা একাডেমীতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষ হয়। কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সাংসদ এ বি এম গোলাম মোস্তফা বলেন, ‘অবিলম্বে জেলা কমিটি গঠন করতে হবে।’ কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সাংসদ মো. সুবিদ আলী ভূঁইয়া বলেন, ‘সংগঠনে একতা নেই। এটি একটি অদক্ষ সংগঠন। উত্তর জেলার বর্ধিত সভা কোনো অবস্থায়ই কুমিল্লা শহরে হতে পারে না। ভবিষ্যতে এ রকম হলে আমি আর আসব না।’ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার বলেন, ‘দল যদি সংগঠিত না হতো তাহলে বিভিন্ন দল থেকে আসা ব্যক্তিরা আওয়ামী লীগ থেকে সাংসদ হতে পারতেন না।’ চারটি সংসদ নির্বাচনে হেরে যাওয়ার জন্য তিনি দলীয় কোন্দলকে দায়ী করেছেন। দলের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আউয়াল সরকার বলেন, এখন পর্যন্ত আমরা ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সম্মেলন করতে পারিনি। সেগুলো হওয়ার পরে জেলা সম্মেলন হবে। কেন্দ্র বললে দ্রুতই সম্মেলন করা সম্ভব।’ সম্মেলন হলে তিনি সভাপতি পদে প্রার্থী হবেন বলে জানান।