‘অদম্য চট্টগ্রাম’ উৎসবের কর্মসূচি ঘোষণা
ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর আয়োজনে ১৬ দিনব্যাপী ‘অদম্য চট্টগ্রাম’ উৎসবের আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সকালে চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।‘চট্টগ্রামকে দেখুন, জানুন, দেশকে ভালোবাসুন’ স্লোগানে আগামী ৮ মার্চ শুরু হচ্ছে উৎসব। চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনাকে তুলে ধরা হবে এতে।গতকাল কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম। উৎসবের গুরুত্ব তুলে ধরেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন।বক্তব্য দেন বিশিষ্ট বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, সাংসদ এম এ লতিফ, অর্থনীতিবিদ মঈনুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ, চট্টগ্রাম ইস্ট-ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিকান্দর খান, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণ সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুল আলম, বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, প্যাসিফিক জিনসের ব্যবস্থাপনা পরিচালক এম নাসির উদ্দিন, এ কে খান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন কাসেম খান, চট্টগ্রাম সমিতি ঢাকার সভাপতি রেজাউল হক মোশতাক, সাফিয়া গাজী প্রমুখ।মাহ্ফুজ আনাম বলেন, ‘দেশ গঠনের নতুন চিন্তাধারা এবং সুষ্ঠু উন্নয়ন-প্রক্রিয়াকে ত্বরান্বিত করার প্রয়াস থেকে আমরা একটি শহরের সম্ভাবনাগুলোকে তুলে ধরার কথা ভেবেছি। এটিকে চট্টগ্রামের প্রতি কোনো পক্ষপাত বা আঞ্চলিকতা নয়, বরং বাংলাদেশের উন্নয়নের একটি বলিষ্ঠ পদক্ষেপ হিসেবে দেখছি। এই চেতনা নিয়েই আমরা চট্টগ্রাম উৎসব করব। এখানকার সফলতার পথ ধরে ভবিষ্যতে সিলেট ও রাজশাহী নিয়ে উৎসব করারও পরিকল্পনা রয়েছে আমাদের।’আবুল মোমেন বলেন, ‘একসময় কলকাতার পর প্রধান নগর ছিল চট্টগ্রাম। এখন সব সুযোগ-সুবিধা ঢাকায় চলে যাচ্ছে। স্বাধীনতার পর থেকে বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের কেন্দ্রীয় কার্যালয় ঢাকায় চলে গেছে। পিছিয়ে পড়ছে চট্টগ্রাম। চট্টগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য, এর সম্ভাবনাকে তুলে ধরার জন্য এ উৎসব। এটিকে আমাদের সবার উৎসব মনে করতে হবে।’হোসেন জিল্লুর রহমান বলেন, ‘বাংলাদেশের প্রতিটি অঞ্চল উন্নত হতে হবে। তাহলেই আমাদের সব জায়গার উন্নয়ন হবে।’জামাল নজরুল ইসলাম বলেন, ‘বৈষম্য ও অবহেলা হলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। কাজেই এদিকে আমাদের নজর দিতে হবে।’এর আগে উৎসবের লোগো উন্মোচন করা হয়। এ সময় বিজ্ঞাপনী সংস্থা গ্রে বাংলাদেশ অ্যাডভার্টাইজিং এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক গাউসুল আলম ‘অদম্য চট্টগ্রাম’ নামের তাৎপর্য সম্পর্কে বলেন, চট্টগ্রামের শাণিত চেহারা তুলে ধরার জন্য এ নাম দেওয়া হয়েছে। পরে ডেইলি স্টার-এর ব্যবসা উন্নয়ন ও বিপণন ব্যবস্থাপক শাহরিয়ার শহীদ উৎসবের বিস্তারিত কর্মসূচির বর্ণনা দেন।উল্লেখ্য, ১৬ দিনব্যাপী উৎসবে থাকবে বইমেলা, বলীখেলা, সাম্পানবাইচ, আদিবাসী উৎসব, খাবার উৎসব, ব্র্যান্ড প্রদর্শনী, গাড়ি প্রদর্শনী, পেইন্টিং ও ফটোগ্রাফি প্রদর্শনী, নবীন-প্রবীণের আড্ডা, থিয়েটার ও চলচ্চিত্র উৎসব, ব্যবসায় সম্মেলন প্রভৃতি।