‘কোনো এক অদৃশ্য হাত রামু বৌদ্ধমন্দির ভাঙচুর ও হামলার ঘটনার বিচারকাজকে স্থবির করে দিয়েছে’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্রসংসদ আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা।
ওই হামলার তিন বছর পূর্তি উপলক্ষে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এ আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফেসবুকে আপত্তিকর ছবি যুক্ত করে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে হামলা চালিয়ে মন্দিরসহ আশপাশের অনেক ঘরবাড়ি জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা।
‘অহিংসার আলোয় দূর হোক সাম্প্রদায়িকতার আঁধার’ শীর্ষক আলোচনা সভায় লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুবর্ণ বড়ুয়া। তাতে বলা হয়, রামু, উখিয়া ও টেকনাফে মন্দিরে হামলার ঘটনায় মোট ১৯টি মামলা হয়েছিল। এ পর্যন্ত ৯৫৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। কিন্তু এখানেই শেষ। কোনো এক অদৃশ্য হাত বিচারকাজকে স্থবির করে দিয়েছে। এখন যে অবস্থা তাতে বিচার আদৌ হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘পুলিশের অভিযোগপত্রে প্রকৃত দোষীদের নাম আসেনি। অথচ নির্দোষদের নাম এসেছে। স্থানীয় বৌদ্ধরা হামলায় জড়িত ১৭ জনের নামের তালিকা দিয়েছিলেন। অথচ সেই তালিকার কেউ পুলিশের দেওয়া তালিকায় নেই। হামলায় জড়িত প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।’
রামু হামলায় যে মামলাগুলো হয়েছে সেগুলোর বিচার হবেই—এ আশাবাদের কথা জানিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘শুধু সভায়, আলোচনায় কথা বললে হবে না। আদালতে সাক্ষ্য দিতে হবে। যাঁরা ভুক্তভোগী তাঁরা সাক্ষ্য দেবেন। সঠিকভাবে সাক্ষ্য দিলে কুকর্মের সঙ্গে জড়িতদের বিচার হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, রামু হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে গেলে এমন ঘটনা আবারও ঘটবে।
গণফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে শুধু রামু নয়, যত সাম্প্রদায়িক অপকর্ম হয়েছে সবগুলোর বিচার হতে হবে। আগামী বছর এই দিন (২৯ সেপ্টেম্বর) আসার আগেই রামু হামলার ঘটনার সব মামলার বিচার শেষ করে আসামিদের বিচারের মুখোমুখি করতে হবে।
বৌদ্ধ ছাত্রসংসদের সাধারণ সম্পাদক রেজিন বড়ুয়ার সভাপতিত্বে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সভাপতি অসীম রঞ্জন বড়ুয়া, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি, সাংবাদিক জুলফিকার আলী মানিক প্রমুখ আলোচনায় অংশ নেন। অহিংসা ও অসাম্প্রদায়িকতার নিদর্শনস্বরূপ ফানুস উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।