'অদ্ভুত আঁধার' ঘুচবে দীপাবলির আলোয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ মঙ্গলবার। সন্ধ্যায় ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে উদ্‌যাপিত হবে এই উৎসব। তাই চলছে মাটির প্রদীপ কেনার ধুম। ছবিটি সিলেট নগরের কিনব্রিজ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ মঙ্গলবার। সন্ধ্যায় ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে উদ্‌যাপিত হবে এই উৎসব। তাই চলছে মাটির প্রদীপ কেনার ধুম। ছবিটি সিলেট নগরের কিনব্রিজ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

আজ মঙ্গলবার সূর্য ডুবতে না ডুবতেই গ্রামীণ বাংলা ছেয়ে যাবে আলোয়-আলোয়। আর এর উপলক্ষ হলো ‘দীপাবলি উৎসব’। বংশ পরম্পরায় একই রীতি এখনো গ্রামাঞ্চলে প্রবহমান। এখনো মাটির প্রদীপ জ্বালিয়ে মা-ঠাকুমা থেকে শুরু করে বাড়ির শিশুটি পর্যন্ত উদ্ভাসিত হয় দীপাবলির আলোয়। কোথাও কোথাও মাটির প্রদীপের জায়গা দখল করে নিয়েছে মোমবাতি। নাগরিকতা কিছুটা ছেয়ে দিলেও উৎসবের উচ্ছ্বাসে মোটেই নেই কমতি।
কালীপূজার সন্ধ্যায় এমন উচ্ছ্বাসের রেওয়াজ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা পালনেরই একটা অংশ। তবে অসাম্প্রদায়িক গ্রামীণ সমাজ ব্যবস্থায় এ ‘আলোর উৎসব’ মূলত সর্বজনীন একটা রূপই পেয়ে গেছে দীর্ঘদিন ধরে। তাই ধর্মীয় রীতিনীতির সীমারেখা ভেদ করে উৎসবটি আগে থেকেই শুভবাদের ‘চিহ্নায়ক-শক্তি’ হিসেবেই পরিচিতি পেয়েছে।
সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকার বাসিন্দা সত্তরোর্ধ্ব সুখময় দাসের পৈতৃক বাড়ি সুনামগঞ্জের হাওর অধ্যুষিত জামালগঞ্জ উপজেলায়। তিনি দীপাবলি উৎসবের স্মৃতিচারণা করলেন এভাবেই, ‘আমরা ছোটবেলায় কলা গাছের খোলসে প্রদীপ জ্বালাতাম। আবার মা-ঠাকুমাদের তৈরি মাটির প্রদীপেও ওই দিনটিতে আলো জ্বালাতাম। হিন্দু সম্প্রদায়ের উৎসব হলেও মুসলিম সম্প্রদায়ের মানুষেরাও আমাদের এই আনন্দ-উচ্ছ্বাসে অংশ নিতেন। উৎসবের দিনটি রঙিন করতে গ্রামে গ্রামে রাতে ঢপযাত্রা ও কীর্তনের আয়োজনও হতো।’

সুখময় দাসের স্মৃতিচারণার কোনো কিছুই এখনো হারিয়ে যায়নি। এখনো একইভাবে ঘটা করে ‘আলোর উৎসব’ উদ্‌যাপিত হয়। সে সম্পর্কে বলতে গিয়ে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নাইন্দা গ্রামের বাসিন্দা স্কুলশিক্ষক কৃষ্ণকান্ত তালুকদার (৪৬) বলেন, ‘এখনো দীপাবলি উপলক্ষে কীর্তন, যাত্রাগান, বাউলগানের আসর বসে গ্রামীণ বাংলায়। তবে মাটির প্রদীপের স্থলে কোথাও কোথাও মোমবাতি স্থান করে নিয়েছে। কোথাও কোথাও পটাশের (বাঁশের তৈরি পটকা বিশেষ) বদলে বাজারে কিনতে পাওয়া পটকা ফোটানো হয়। তফাত বলতে এইটুকুই।’

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ইয়ারাবাদ গ্রামের বাসিন্দা মো. সাইফুর রহমান (৩৫) বলেন, ‘হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব হলেও মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এই দীপাবলি উৎসবে ঠিকই অংশ নেয়। ছোটবেলা থেকেই ওই উৎসবে আমরাও তাদের প্রদীপ প্রজ্বলনের মুহূর্তটুকুর সময়ে অংশ নিই। অসাধারণ আনন্দ-উচ্ছ্বাস হয় তখন। হাওরাঞ্চলে উৎসব মানেই সবার সম্মিলিত অংশগ্রহণ। সেটা ঈদই হোক, আর পূজাই হোক।’

কেবল হাওরাঞ্চল কিংবা গ্রামীণ সমাজেই নয়, নগরেও লেগেছে দীপাবলি উৎসবের ছোঁয়া। গতকাল সোমবার বিকেলে সিলেট নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, কিনব্রিজ, চালিবন্দর, দাড়িয়াপাড়া, মির্জাজাঙ্গাল, লামাবাজার, আম্বরখানা, শিবগঞ্জ, কালীবাড়ি, মদিনা মার্কেটসহ অন্তত ২১টি এলাকার বাজারে সরেজমিনে দেখা গেছে, দীপাবলি উৎসবকে সামনে রেখে মোমবাতি, প্রদীপের সলতে ও নানা ধরনের পটকা বিক্রির ধুম পড়েছে। বন্দরবাজার এলাকার ব্যবসায়ী আনাছ মিয়া জানান, গতকাল সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত তাঁর দোকানে তিন শতাধিক মোমবাতির প্যাকেট বিক্রি হয়েছে।

সিলেট নগরের কিনব্রিজ এলাকায় মাটির প্রদীপ কিনতে গিয়েছিলেন গৃহিণী সুপ্রিয়া রায়। তিনি প্রথম আলোকে বলেন, ‘একেক জনের একেক রকম পছন্দ। আমার শাশুড়ি মোমবাতির চেয়ে পুরোনো রীতিতে মাটির প্রদীপেই বাতি জ্বালাতেই বেশি পছন্দ করেন। তাই মাটির প্রদীপ কিনতে এসেছি। ২০ থেকে ৩০টি মাটির প্রদীপ ও সলতে কিনব। কাল (আজ) সন্ধ্যায় ঘি দিয়ে এসব প্রদীপ বাসার সামনে ও ভেতরে জ্বালাব।’

সিলেট নগরের করেরপাড়া এলাকার বাসিন্দা ও ঢপযাত্রা-প্রণেতা নিবারণ চন্দ্র দাশ (৪৮) বলেন, ‘আগে উৎসবের এমন সময়টাতে হাওরাঞ্চলে প্রচুর ঢপযাত্রা হতো। তবে এখন শহরেও এর ছোঁয়া লেগেছে। এখন শহরেও দীপাবলি উপলক্ষে নানা কালীপূজা মণ্ডপে ঢপযাত্রার আয়োজন থাকে। সংস্কৃতির এই উত্থান খুবই ইতিবাচক।’

দীপাবলি আসছে—এমন অপেক্ষার তর শিশু-কিশোরেরা রাখতে পারলে তো! বিমলানন্দে তারা মেতে উঠেছে গত কয়েক দিন ধরেই। পাড়া-মহল্লায় চলেছে পটকা ফোটানোর হিড়িক। ঘন হয়ে আসা ‘অদ্ভুত আঁধার’ দীপাবলির আলোয় ঘুচে যাবে, এমনটাই অনেকের প্রত্যাশা।