'বেশি অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিজানুর রহমান
মিজানুর রহমান

জাতীয় মানবাধিকার কমিশনে যত অভিযোগ আসে, তার অধিকাংশই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে থাকে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
জাতীয় প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরতে গিয়ে মিজানুর রহমান এ কথা বলেন। তবে এ ব্যাপারে তিনি সুনির্দিষ্ট পরিসংখ্যান উল্লেখ করেননি। ‘জাতীয় মানবাধিকার কমিশন: চাই প্রাতিষ্ঠানিক প্রতিশ্রুতি’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সভায় জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠা ও কার্যক্রম-সম্পর্কিত ২০১৪ সালের এশীয় আঞ্চলিক প্রতিবেদনের বাংলাদেশ অধ্যায় তুলে ধরা হয়। এতে মানবাধিকার কমিশন শক্তিশালীকরণে বিভিন্ন সুপারিশের পাশাপাশি ২০১৩ ও ২০১৪ সালের মানবাধিকার পরিস্থিতির তথ্যও তুলে ধরা হয়। প্রতিবেদনটি উপস্থাপন করেন আসকের কর্মকর্তা আকলিমা ফেরদৌস।
মিজানুর রহমান বলেন, ‘দুঃখজনক হলেও আমরা এমন একটি সমাজে রয়েছি, যেখানে অপরাধীরও যে মানবাধিকার আছে এ সত্যটা মানতে চাই না।’ সম্প্রতি পুলিশের গুলিতে আহত এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন অভিযুক্ত ব্যক্তির সঙ্গে এমন পৈশাচিক ও বর্বর আচরণ করা হয়েছে এটা কোন আইনে গ্রহণযোগ্য, তা জানি না। আমরা মনে করেছি, এটা মানবাধিকারের লঙ্ঘন।’
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৫ জন নিহত হন। বিভিন্ন সূত্র ও সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আসক জানায়, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দেশে ৫৪ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে অপহরণের শিকার হন বলে অভিযোগ এসেছে। এঁদের মধ্যে আটজন ফিরে আসেন, ১৫ জনের মরদেহ পাওয়া যায় এবং বাকিরা এখনো নিখোঁজ।
সভাপতির বক্তব্যে আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ‘কমিশন আরও অনেক শক্তিশালী হওয়া উচিত। কিন্তু দুঃখজনক হলো, দেশের রাজনীতিটা এমন কেউ ক্ষমতা দিতে চায় না। আশা করব রাষ্ট্র তার দায়িত্ব পালন করবে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এশিয়ান এনজিও নেটওয়ার্ক অন ন্যাশনাল ন্যাশনাল হিউম্যান রাইটস ইনস্টিটিউশনসের জসেস কুয়ান।