‘অধিকার প্রতিষ্ঠায় আদিবাসীদের আরও সোচ্চার হতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আদিবাসীদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। তাদের সাংবিধানিক স্বীকৃতির দাবি ন্যায্য। তাই অধিকার প্রতিষ্ঠায় আদিবাসীদের আরও সোচ্চার হতে হবে।’ আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০১২ উপলক্ষে গতকাল শনিবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লক্ষ্মীপুর মিশন উচ্চবিদ্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্যাপন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। দুপুর সাড়ে ১২টার দিকে আদিবাসীদের স্থানীয় সংগঠন ‘কুবরাজ (কুলাউড়া, জুড়ী, বড়লেখা ও রাজনগর)’-এর সহসভাপতি প্রত্যুষ আসাক্রার সভাপতিত্বে প্রথম পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া ও কমলগঞ্জের একাংশ) আসনের সাংসদ নওয়াব আলী আব্বাস খান। বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন, ভাইস চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, আদিবাসী পরিবেশ আন্দোলনের নেতা জোসেফ গোমেজ, সিলেট বিভাগীয় আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্যাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ পাত্র, কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস শহিদ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন কুবরাজ-এর সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলি তালাং। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিচি সুমের। সভায় আদিবাসীদের পক্ষ থেকে সরকারের কাছে সাংবিধানিক স্বীকৃতি, ঐতিহ্যগত ভূমি অধিকার, বেহাত হওয়া সমতল অঞ্চলের আদিবাসীদের জমিজমা পুনরুদ্ধারে ভূমি কমিশন গঠন, জাতিসংঘ ঘোষিত প্রতিবছর ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্যাপন, শিক্ষানীতিতে আদিবাসীদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু, ভূমি ও বনের ওপর প্রথাগত অধিকারকে স্বীকৃতি ও ভোগদখলীয় ভূমির স্থায়ী বন্দোবস্ত প্রদান এবং চা-জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও মজুরি বৃদ্ধিসহ উন্নয়ন ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করাসহ নয় দফা দাবি তুলে ধরা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আদিবাসী খাসি (খাসিয়া), গারো ও চা-জনগোষ্ঠীর ইতিহাস-ঐতিহ্য নিয়ে নৃত্য এবং সংগীত পরিবেশনা হয়। অনুষ্ঠানে কুলাউড়াসহ আশপাশের জুড়ী, বড়লেখা ও রাজনগর উপজেলার ৬০টি আদিবাসী পল্লির (পুঞ্জি) বিভিন্ন বয়সী নারী-পুরুষ উপস্থিত ছিল।