
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে গতকাল রোববার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও শোভাযাত্রা হয়েছে। নারী দিবসের এবারের প্রতিপাদ্য ‘অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান’।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর
ময়মনসিংহ: নারীদের অধিকার প্রতিষ্ঠা ও নারী নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন করে বিভিন্ন নারীবাদী সংগঠন ও বেসরকারি উন্নয়ন সংস্থা। জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মানববন্ধনটি করা হয়। শহরের কাচারি সড়কে এর আয়োজন করা হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী।
শেরপুর : জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়। জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাজেদা আরফিনসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশ নেন।
মৌলভীবাজার: দুপুরে শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করে জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়। এতে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার, জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার প্রমুখ।
জামালপুর: জেলা প্রশাসন, মহিলাবিষয়ক অধিদপ্তর ও সনাক-টিআইবির যৌথ আয়োজনে বেলা ১১টায় মানববন্ধন করা হয়। শহরের দয়াময়ী মোড় এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. লুৎফুল কবীর, সনাক সভাপতি মাসুদা আক্তার, নারী নেত্রী শামীম আরা প্রমুখ।
নেত্রকোনা: জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় পুরোনো কালেক্টরেট প্রাঙ্গণের সামনের সড়কে মানববন্ধন সমাবেশ করা হয়। জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে। দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফেরদৌসী বেগম, মহিলা পরিষদের সভাপতি রেহানা সিদ্দিকী, সুজন সভাপতি শ্যামলেন্দু পাল, প্রথম আলো বন্ধুসভার জেলা কমিটির উপদেষ্টা সাইফুল্লাহ এমরান প্রমুখ। মানববন্ধন শেষে শোভাযাত্রা বের হয়।
সখীপুর (টাঙ্গাইল): মুখতার ফোয়ারা চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বেলা ১১টায় মানববন্ধন করা হয়। এ কর্মসূচিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, সখীপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কে বি এম খলিলুর রহমান, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
নালিতাবাড়ী (শেরপুর): উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেলা ১১টার সময় উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফ ইকবাল, সনাকের সভাপতি জোবায়দা খাতুন, টিআইবির এরিয়া ম্যানেজার এস এম আতিকুর রহমান।