'অধিকার লঙ্ঘন করে অভিযান নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাখাইন রাজ্যে দমন-পীড়ন থেকে রক্ষা পেতে এ পর্যন্ত প্রায় ২১ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ কার্যালয়ের একজন কর্মকর্তা গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
আইএমওর কক্সবাজার কার্যালয়ের প্রধান সংযুক্তা সাহানি বলেন, অক্টোবরের ২ তারিখ থেকে ২ ডিসেম্বর পর্যন্ত প্রায় ২১ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) হিসাব থেকে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
এদিকে মিয়ানমারে কয়েক দিনের সফর শেষে গতকাল ইয়াঙ্গুনে সংবাদ সম্মেলন করেছেন রাখাইন কমিশনের প্রধান ও জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। এ সময় তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনের শাসন মেনে কাজ করতে হবে। মানুষের অধিকার লঙ্ঘন করে অভিযান চালানো যাবে না।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, মিয়ানমার সফরে দেশটির প্রেসিডেন্ট থিন খিউ, স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি এবং সেনাপ্রধান মিন অং হলাইংয়ের সঙ্গে বৈঠকের পর গতকাল সংবাদ সম্মেলন করেন কফি আনান। এ সময় তিনি বলেন, ‘কোথাও নিরাপত্তা বাহিনীর অভিযান প্রয়োজন পড়লেও সেখানে অবশ্যই সব সময়ের জন্য বেসামরিক লোকজনকে রক্ষা করতে হবে। আমি (মিয়ানমারের) নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানাব, তারা যেন পুরোপুরি আইনের শাসন মেনে কাজ করে।’
তবে রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতন-নিপীড়নকে গণহত্যা বলতে রাজি নন কফি আনান। বিবিসিকে তিনি বলেন, ‘সেখানে উদ্বেগ আছে। লড়াই চলছে। ভীতি আছে, আছে অবিশ্বাস। তবে অন্যরা যে ভাষা ব্যবহার করছে তা আমি করব না।’ ‘গণহত্যা’ শব্দটি ব্যবহারে পর্যবেক্ষকদের সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
ইইউর বিবৃতি: রাখাইনে দমন-নিপীড়নের ঘটনা তদন্তে কমিশন গঠনের ঘোষণা দেওয়ায় মিয়ানমার সরকারকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল ব্রাসেলসে ইইউর সদর দপ্তর থেকে সংস্থার এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ভবিষ্যতে একই ধরনের ঘটনা যাতে না ঘটে, এই লক্ষ্যে কমিশন কাজ করবে এবং এসব সংঘর্ষের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করে ইইউ।
রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার: কক্সবাজার থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও টেকনাফ প্রতিনিধি জানান, টেকনাফ স্থলবন্দরের উত্তর পাশে নাফ নদীর প্যারাবন থেকে গতকাল মঙ্গলবার এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হয়েছে, লাশটি রোহিঙ্গা নারীর। গত রোববার রাতে নাফ নদীতে টেকনাফ অভিমুখী নৌকাডুবিতে যে কয়েকজন রোহিঙ্গা নিখোঁজ হয়েছে, লাশটি তাদের কারও হতে পারে।
টেকনাফ মডেল থানার উপপরিদর্শক মুফিজুল ইসলাম খান বলেন, শোনা যাচ্ছে, মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে আসার সময় রোববার রাতে নাফ নদীতে একটি নৌকা ডুবে ২৭ জন রোহিঙ্গা নারী, শিশু ও পুরুষ নিখোঁজ হয়েছে। এই লাশ তাদের কারও হতে পারে।