'অধিকার সম্পর্কে সচেতন হতে হবে ভোক্তাদের'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্র জনগণের কল্যাণে আইন তৈরি করে। কিন্তু জনগণ সে আইন ও অধিকার সম্পর্কে অবহিত না থাকলে এর সুফল থেকে বঞ্চিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে ব্যাপক প্রচার প্রয়োজন। শুধু আইন প্রয়োগ করে পণ্যের ভেজাল রোধ বা ক্রেতা ঠকানো বন্ধ করা সম্ভব নয়। নিজেদের অধিকার সম্পর্কে ভোক্তাদের সচেতন হতে হবে। একই সঙ্গে ব্যবসায়ী-বিক্রেতা এবং উৎপাদনকারীদেরও সচেতন করতে হবে।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে ‘জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ বিষয়ক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম সাহার সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জুবায়ের আহমেদ, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান, ক্যাবের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন প্রমুখ। এ ছাড়া সেমিনারে বিভিন্ন ব্যবসায়ী সমিতি, দোকান মালিক সমিতি, রেস্তোরাঁ মালিক সমিতি, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতারা বক্তব্য দেন।

সেমিনারে ব্যবসায়ী নেতারা বলেন, ব্যবসায়ীরা প্রত্যেকে ভোক্তা। তাঁরাও ভেজালের বিরুদ্ধে সোচ্চার। আইনে ভোক্তাদের অধিকার হরণ হলে নানা রকম শাস্তির বিধান আছে। তবে কেউ যাতে এই আইনের অপব্যবহার করে ব্যবসায়ীদের হয়রানি না করে এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি রাখতে হবে।

সেমিনারে অনেক বক্তা পণ্যের মানের পাশাপাশি বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে সেবার মানের বিষয়ে তাঁদের অসন্তুষ্টির কথা উল্লেখ করেন।

জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, ভোক্তাদের নিজেদের অধিকার সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। তিনি আরও বলেন, জেলা প্রশাসন ভোক্তাদের অধিকার সংরক্ষণে নিরলস কাজ করে যাচ্ছে। প্রতিটি বাজার ও বিপণিবিতানে অভিযান চালানো হচ্ছে। অভিযান চালানোর আগে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হচ্ছে, তাঁদের সতর্ক করা হচ্ছে। এরপরও কাজ না হলে আইন প্রয়োগ করা হচ্ছে।