'অধ্যাপক গিয়াসউদ্দিনকে বুকে অস্ত্র ঠেকিয়ে ধরে নিয়ে যায়'
পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরের ১৪ ডিসেম্বর অধ্যাপক গিয়াসউদ্দিনকে বুকে অস্ত্র ঠেকিয়ে ধরে নিয়ে যায় অস্ত্রধারীরা। পত্রপত্রিকার মাধ্যমে তিনি জেনেছেন, ওই অস্ত্রধারীরা একটি সংঘবদ্ধ দলের, দলটির নেতৃত্বে ছিলেন চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল সৈয়দ আনোয়ার হোসেনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান। জবানবন্দিতে সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ১৯৭০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। একাত্তরের ২৫ মার্চের কালরাতে তিনি বিশ্ববিদ্যালয়ে ছিলেন। তখন তিনি মুহসীন হলের সহকারী আবাসিক শিক্ষক ছিলেন। ২৭ মার্চ তিনি বিশ্ববিদ্যালয় এলাকা ছেড়ে ঢাকার অদূরে এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেন। জুলাই মাসের শুরুতে বাধ্যতামূলকভাবে বিশ্ববিদ্যালয় খুলে দিলে তিনি বিশ্ববিদ্যালয়ে ক্লাসে আসেন। জুলাইয়ের শেষ দিকে শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ে যাঁর যাঁর বাসায় ফিরে আসেন। সেপ্টেম্বর পর্যন্ত অধ্যাপক গিয়াসউদ্দিন তাঁর বাসায় দুই বেলা খেতেন।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, তিনি দেখেছেন তাঁদের বিভাগের অনেক মুক্তিযোদ্ধা ছাত্রকে অধ্যাপক গিয়াসউদ্দিন অর্থ, পোশাক ও ওষুধ দিয়ে সহায়তা করতেন। একাত্তরের ১৪ ডিসেম্বর তিনি ঘুম থেকে উঠে দেখেন, বাসায় পানি নেই। তিনি এ সময় মুহসীন হলের উত্তর পাশে পাম্প হাউসে যান। সকাল আটটা বা সোয়া আটটার দিকে সেখানে গিয়াসউদ্দিন এসে পাম্পের লাইন চালু করেন। পাম্প হাউস থেকে তিনি, গিয়াসউদ্দিন ও অধ্যাপক জহুরুল হক বের হওয়ার সময় হাউসের সামনে মুখে রুমাল বাঁধা একজন অস্ত্রধারী গিয়াসউদ্দিনের দিকে এগিয়ে এসে ইংরেজিতে প্রশ্ন করে, তিনি কি গিয়াসউদ্দিন? গিয়াসউদ্দিন ‘হ্যাঁ’ সূচক জবাব দিলে ওই অস্ত্রধারী তাঁকে সঙ্গে যেতে বলে। গিয়াসউদ্দিন ইতস্তত করলে ওই অস্ত্রধারী তাঁর বুকে বন্দুক ঠেকিয়ে জোর করে তাঁকে নিয়ে যায়। এ সময় আরও একজন অস্ত্রধারী গিয়াসউদ্দিনের পেছনে আসে। তারা গিয়াসউদ্দিনকে হলের পেছন থেকে সামনে নিয়ে যায়। কিছুক্ষণ পর তাঁরা (সাক্ষী ও জহুরুল হক) হলের সামনে এসে শোনেন, একটি কাদামাখা মাইক্রোবাসে করে গিয়াসউদ্দিনকে মুখে গামছা বেঁধে নিয়ে যাওয়া হয়েছে। দুপুরে তিনি শোনেন, একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষককে ধরে নিয়ে যাওয়া হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর ডিসেম্বরের শেষ দিকে পত্রপত্রিকার মাধ্যমে তিনি জানতে পারেন, অধ্যাপক গিয়াসউদ্দিনকে যারা ধরে নিয়ে গেছে তারা একটি সংঘবদ্ধ দল। ওই দলের নেতৃত্বে ছিলেন মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান।
জবানবন্দি শেষে সৈয়দ আনোয়ার হোসেনকে জেরার জন্য আগামী সোমবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
নিজামীর বিরুদ্ধে মামলায় পরবর্তী সাক্ষ্য ১ আগস্ট: জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১ আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল সাক্ষ্য দেন এ মামলায় রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষী আমিনুল ইসলাম। তিনি রাষ্ট্রপক্ষের ১৪তম সাক্ষী মুক্তিযোদ্ধা আবদুস সেলিমের ছোট ভাই। এ সময় আসামির কাঠগড়ায় নিজামী হাজির ছিলেন।