
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকারীরা অবশ্যই গ্রেপ্তার হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, দ্রুত তদন্ত শেষ করে রেজাউল হত্যার আসামিদের বিচারের মুখোমুখি করা হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার দুপুরে এক সংহতি ও মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী নাসিম এসব কথা বলেন। রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই সভার আয়োজন করে। এতে ১৪ দলের কেন্দ্রীয় নেতারা সংহতি প্রকাশ করেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলি, দ্রুত আসামিদের গ্রেপ্তার করুন। তদন্ত করুন, বিচারের ব্যবস্থা করুন। অবশ্যই অপরাধীদের বিচার হবে। দ্রুত বিচার করা হবে এতে দ্বিধা-দ্বন্দ্বের কিছু নেই। তবে আমাদের কিছু দুর্বলতা আছে, প্রশাসনের কিছু দুর্বলতা আছে এবং কিছু জায়গায় মাঠপর্যায়েও দুর্বলতা আছে। তা না হলে এ ধরনের ঘটনাগুলো ঘটত না। এটা আমাদের ব্যর্থতা, আমি অস্বীকার করব না।’
রেজাউলের মেয়ে রিজওয়ানা হাসিন বলেন, ‘হত্যাকাণ্ডের ২৩ দিন পর এখনো আমাদের বলা হচ্ছে তদন্তের খুব কাছাকাছি চলে এসেছি। এটা আমার কাছে আইওয়াশ মনে হচ্ছে। সত্যিই তারা তদন্তের কাছাকাছি গেছে কি না, কোনো অগ্রগতি হয়েছে কি না, বিশ্বাস করতে পারছি না।’
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, রাজশাহীতে অধ্যাপককে খুন করা হয়, আবার যখন বান্দরবানে বৌদ্ধ ভিক্ষু খুন হন, তখন বুঝতে হবে এটি ব্যক্তিগত বা আঞ্চলিক কোনো বিষয় নয়।
সাবেক শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, ‘বর্তমানে দেশে মতাদর্শের লড়াই চলছে। বাংলাদেশি ও পাকিস্তানি জাতীয়তাবাদের লড়াই। এখানে আমাদের জয়লাভ করতে হবে।’
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. শহীদুল্লাহর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন, সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, সাংসদ নাজমুল হক প্রধান প্রমুখ।
পরে স্বাস্থ্যমন্ত্রীসহ ১৪ দলের নেতারা অধ্যাপক রেজাউলের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান।