'অন অ্যারাইভাল' ভিসা সম্পর্কে সিদ্ধান্ত পাল্টাচ্ছে শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী হর্ষ ডি সিলভা বলেছেন, বাংলাদেশিদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা বন্ধ করার সিদ্ধান্তটি বদলে ফেলার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
বিবিসিকে এক সাক্ষাৎকারে ডি সিলভা বলেন, বাংলাদেশিদের ‘অন অ্যারাইভাল’ না দেওয়ার কোনো সিদ্ধান্ত তাঁর সরকার নেয়নি। ইমিগ্রেশন দপ্তরের প্রধান নিজের সিদ্ধান্তে এ রকম একটি পদক্ষেপ নিলেও এখন তাঁরা সেটি বাতিলের জন্য ব্যবস্থা নিচ্ছেন।
বাংলাদেশিদের ‘অন অ্যারাইভাল’, অর্থাৎ বিমানবন্দরে নামার পর ভিসা দেওয়ার ব্যবস্থা বাতিল করায় শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা দেয়। বাংলাদেশও পাল্টা শ্রীলঙ্কার নাগরিকদের ‘অন অ্যারাইভাল ভিসা’ দেওয়া বন্ধ করে দেয়।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাদের কিছু জানানো হয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি জানার পর রোববার ঢাকায় শ্রীলঙ্কার হাইকমিশনার ইয়াসোজা গুনাসাকেরাকে তলব করা হয়েছিল।
কিন্তু এ বিষয়ে নিজের দেশের সিদ্ধান্ত বা অবস্থানের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কোনো ব্যাখ্যা দিতে পারেননি হাইকমিশনার।
ডি সিলভা বলেন, ‘এই সিদ্ধান্তটি নিয়েছিলেন শ্রীলঙ্কার ইমিগ্রেশন কর্তৃপক্ষের প্রধান। তাঁর এই সিদ্ধান্তে আমরা অসন্তুষ্ট। আমরা ইতিমধ্যে তাঁর সঙ্গে কথা বলেছি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে এটির সুরাহা করতে বলেছি। তিনি এতে রাজি হয়েছেন। আমি আশা করছি, বিষয়টির একটা সুরাহা ইতিমধ্যে করা হয়েছে।’
এর আগে শ্রীলঙ্কার ডেইলি নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে দেশটির ইমিগ্রেশন দপ্তরের ভিসা ও সীমান্ত ব্যবস্থাপনা দপ্তরের কন্ট্রোলার এম বি উইরাসেকারাকে উদ্ধৃত করে বলা হয়, নিরাপত্তার কারণে বাংলাদেশি নাগরিকদের ‘অন অ্যারাইভাল’ ভিসা দেওয়া বন্ধ রাখা হয়েছে।