‘অন অ্যারাইভাল’ ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশসহ এশিয়ার আটটি দেশের নাগরিকদের জন্য মালয়শিয়ায় পৌঁছে ভিসা নেওয়ার (ভিসা অন অ্যারাইভ্যাল) সুবিধা প্রত্যাহার করে নিয়েছে সে দেশের সরকার। এর ফলে এখন থেকে ভিসা ছাড়া আর মালয়েশিয়ায় যাওয়া যাবে না। মালয়েশিয়ার সরকার দেশটিতে পর্যটকের সমাগম বাড়ানোর লক্ষ্যে ১ জুলাই থেকে ভিসা ছাড়াই বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিকদের মালয়েশিয়ায় ভ্রমণের সুযোগ দিয়েছিল। তবে গত সপ্তায় দেশটির বৈদেশিক শ্রমিক এবং অবৈধ অভিবাসী-সংক্রান্ত কেবিনেট কমিটির সভায় ওই সুবিধা বাতিলের সিদ্ধান্ত হয়। মালয়েশিয়ার ইংরেজি পত্রিকা স্টারসহ বিভিন্ন গণমাধ্যমে ওই খবর প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ছাড়াও চীন, ভুটান, নেপাল, মিয়ানমার, তাইওয়ান ও কমোরসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে বলে জানা গেছে। মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন মালয়েশিয়ার বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, পর্যটকদের সুবিধার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিষয়টি সম্পর্কে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী জানান, মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি।