‘রানা প্লাজা থেকে সবে উদ্ধার করে আনা হয়েছে মহিলাকে। একদল শিক্ষার্থী তাঁকে ট্রলিতে করে নিয়ে এল জরুরি বিভাগে। সেখানে তখন আমরা কয়েকজন নতুন শিক্ষার্থী। দ্রুত তাঁর চিকিৎসা শুরু হলো। শিক্ষকদের সঙ্গে আমরাও হাত লাগালাম। দম নিতে পারছেন না, কিছুক্ষণের ভেতরে তিনি অসাড় হয়ে গেলেন। স্যার বললেন, মারা গেছে। কিন্তু আমরা হাল ছাড়তে পারছিলাম না। কয়েক ঘণ্টা চেষ্টা করেও কাজ হলো না। খুব কষ্ট হচ্ছিল মহিলার জন্য। কিন্তু ততক্ষণে কয়েক শ আহত রোগী চলে এসেছে জরুরি বিভাগে। তাই তাঁকে পাঠিয়ে দেওয়া হলো মর্গে।’ এভাবেই নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করছিলেন এনাম মেডিকেল কলেজের শিক্ষার্থী সিঞ্জিয়া শারমিন। রানা প্লাজা ধসের পরে আহত বা নিহত রোগীদের অন্যতম ঠিকানা হয়ে ওঠে এই এনাম মেডিকেল কলেজ। রোগীদের চিকিৎসায় দিনরাত পরিশ্রম করেছেন এনাম মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীদের একটি বিশাল বাহিনী।
গতকাল সোমবার প্রথম আলো কার্যালয়ে এনাম মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীদের একটি দলকে সম্মাননা জানায় প্রথম আলো। এখানেই তাঁরা বলছিলেন সেই সময়ের ভয়াবহ ঘটনার কথা। আরেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান বলেন, ‘অনেক কষ্টের পরেও আছে অনুপ্রেরণার গল্প। একজন সংজ্ঞাহীন রোগী যখন চিকিৎসার পরে জ্ঞান ফিরে পেল, তাঁর সেকি উল্লাস। তিনি লাফিয়ে উঠে চিৎকার করে বলতে থাকেন, আমি বেঁচে আছি। সামনে যাকে পাচ্ছে জড়িয়ে ধরছেন। হাসপাতালের এমাথা-ওমাথা দৌড়াচ্ছেন।’
সম্মাননা প্রদান অনুষ্ঠানে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. এনামুর রহমান বলেন, ‘শুরুতে থেকেই আমি আমাদের হাসপাতালের সবাইকে একাগ্রতার সঙ্গে কাজ শুরু করতে বলি। শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বাদ দেওয়া হয়। হাসপাতালের যত ওষুধ ছিল বিনা মূল্যে দিতে শুরু করি। সেবা দিতে সবাই ছিলেন সর্বোচ্চ সতর্ক।’
অনুষ্ঠানে এনাম মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতার হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘আপনাদের সবাইকে অভিনন্দন। আপনারা সেবার এক অনন্য দৃষ্টান্ত তুলে ধরেছেন জরুরি মুহূর্তে। এটা একটা অনুকরণীয় দৃষ্টান্ত। সব ভালো কাজের পেছনে এক বা একাধিক নায়ক থাকেন। আপনারা হলেন সেই নায়ক। তাই এত কিছুর ভেতর দিয়েও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’
প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, এনাম মেডিকেল কলেজ সেবার যে অনন্য উদাহরণ রেখেছে তা সত্যিই মুগ্ধ হওয়ার মতো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনাম মেডিকেলের অর্ধশত চিকিৎসক ও শিক্ষার্থী এবং রানা প্লাজা ধসের পর ত্রাণ ও উদ্ধারকাজে অংশ নেওয়া ঢাকা বন্ধুসভার একটি দল। উপস্থাপনা করেন বন্ধুসভার সহসভাপতি সাইদুজ্জামান।