'অনবরত গুলির শব্দ, মনে হচ্ছিল মারা যাব!'
‘অনবরত গুলির শব্দ, মনে হচ্ছিল মারা যাব!’—রাজধানীর কল্যাণপুরে আজ মঙ্গলবার ‘জঙ্গি আস্তানায়’ যৌথ বাহিনীর অভিযান চলাকালে প্রত্যক্ষদর্শী হিসেবে এভাবেই ঘটনার বর্ণনা দেন তরুণ আবু সায়েম আশরাফ। ওই ভবনের ছয়তলার বাসিন্দা তিনি।
যৌথ বাহিনীর অভিযান শেষ হলেও তাঁরা বাড়ি থেকে বেরোনোর অনুমতি পাননি। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এক রকম ‘আটকা’ পড়ে ছিলেন সায়েমসহ ওই ভবনের অন্য বাসিন্দারা।
প্রথম আলোকে দেওয়া আবু সায়েমের ভাষ্য, তাঁরা নয়জন ভবনটির ছয়তলার একটি ফ্ল্যাটে থাকেন। এর নিচে পঞ্চম তলায় যৌথ বাহিনী অভিযান চালায়। ওই রাতে তাঁরা নয়জনের মধ্যে সাতজন বাড়িতে ছিলেন। বাকি দুজন সেদিন বাড়িতে আসেননি। আত্মীয়ের বাসায় ছিলেন।
সায়েম বলেন, গতকাল সোমবার দিবাগত রাতে তাঁরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ গোলাগুলির শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। ঘটনার আকস্মিকতায় তিনি হতবাক হয়ে পড়েন। বুঝে উঠতে পারছিলেন না কী ঘটেছে। আশরাফ বলেন, ‘প্রথমে ভেবেছিলাম, পাশের ভবনে মারামারি বা অন্য কিছু হতে পারে। প্রথমে তিনটা গুলির শব্দ পাই। এরপর অনবরত গোলাগুলির শব্দ পাই। গোলাগুলির সময় মনে হচ্ছিল আমরা মারা যাব। আর বাঁচব না।’
আশরাফের চাচাতো ভাই মতিউর রহমান প্রথম আলোকে বলেন, তাঁর ভাই আশরাফসহ অন্যরা ভবন থেকে বেরোতে পারছেন না। পুলিশ তাঁদের বেরোতে নিষেধ করেছে। তিনি বলেন, ‘আজ বেলা ১টা ৪০ মিনিটে আশরাফ আমাকে মুঠো ফোনে খুদে বার্তা পাঠায়। তাতে লেখা ছিল, তাঁদের ভবন থেকে পুলিশ বা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হবে।’
মতিউর রহমান জানান, আশরাফ কয়েক বছর ধরে এ ভবনে ভাড়া থাকেন। শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন তিনি। গ্রামের বাড়ি দিনাজপুরে।
৫৩/৩ তাজ মঞ্জিল নামের এ ভবনের মালিক আতাহার আলী একজন সাবেক কাস্টমস কর্মকর্তা।
কল্যাণপুর বাসস্ট্যান্ডসংলগ্ন পাঁচ নম্বর সড়কের জাহাজ ভবন নামে পরিচিত ওই বাড়িতে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালায় যৌথ বাহিনী। এতে নয় ‘জঙ্গি’ নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভোর ৫টা ৫১ মিনিট থেকে সকাল ৬টা ৫১ মিনিট পর্যন্ত এ অভিযান চলে।