'অনলাইন পদ্ধতি চালু করলে এমন হতো না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের মদনমোহন কলেজে ভর্তিসহ শিক্ষার্থীদের যাবতীয় ফি গ্রহণে অনলাইন পদ্ধতি চালু করলে লুটপাটের ঘটনা ঘটত না বলে মনে করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি-বাণিজ্যসহ শিক্ষার্থীদের টাকা নিয়ে কেলেঙ্কারি বর্তমান সরকারের আমলে উন্মোচিত হয়েছে এবং অনলাইন পদ্ধতির মাধ্যমে সুফলও পাওয়া গেছে বলে তিনি জানান।
গত বৃহস্পতিবার রাতে শিক্ষামন্ত্রী সিলেটে পৌঁছে সার্কিট হাউসে প্রথম আলোকে এ কথা বলেন। মদনমোহন কলেজে চলতি বছরের ডিগ্রির ফরম পূরণে এক হাজার ৩০০ শিক্ষার্থীর মধ্যে ৪০০ জন ফি জমা দিয়েছেন। বাকি ৯০০ শিক্ষার্থীর ফি কলেজে জমা দেবেন বলে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতারা নিয়ে কলেজের ভর্তি শাখায় জমা দেননি। গত মঙ্গলবার কলেজের পরিচালনা কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এক সভায় বলেন, ৭০ লাখ টাকা ছাত্রনেতারা মেরে দিয়েছেন। তিনি মদনমোহন কলেজের ছাত্রনেতাদের ‘বদমাশ’ বলে আখ্যায়িত করেন। অর্থমন্ত্রীর প্রকাশ করা লুটপাটের তথ্য, পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদন ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার রাতে সিলেটে পৌঁছে জানতে পারেন বলে জানান। শিক্ষামন্ত্রী বলেন, লুটপাটকারীদের কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখার অবকাশ নেই।
শিক্ষামন্ত্রী বলেন, মদনমোহন কলেজ একটি ঐতিহ্যবাহী বেসরকারি কলেজ। কলেজ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে অর্থমন্ত্রী যে তথ্য প্রকাশ করেছেন, তা শুধু উদ্বেগের নয়, রীতিমতো ভয়ংকর। এ লুটপাট ঠেকাতে হবে দৃঢ়তার সঙ্গে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেহেতু ওই শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার সঙ্গে তিনি (অর্থমন্ত্রী) যুক্ত, আমার বিশ্বাস, তাঁর নেতৃত্বে দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।’
অনলাইন পদ্ধতি অবলম্বন করলে এমন হতো না—শিক্ষামন্ত্রীর এই মতামতের সঙ্গে একমত পোষণ করেন মদনমোহন কলেজ পরিচালনা কমিটির সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ। তিনি বলেন, ২০১২ সালে কলেজের বাজেট সভায় শিক্ষার্থীদের ভর্তিসহ যাবতীয় ফি অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত হয়। অনলাইন পদ্ধতি চালুর সিদ্ধান্তে যে কার্যবিবরণী সভায় গৃহীত হয়েছিল, তাতে সইও করেছিলাম।